Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভূত চতুর্দশীতে তৎপর পুলিশ, বাজেয়াপ্ত হল ১ হাজার ৮৭২ কেজি বেআইনি বাজি

নিষিদ্ধ বাজি নিয়ে পুলিশি ধরপাকড় জারি থাকল ভূত চতুর্দশীতেও। কালীপুজোর আগের দিন শহর, শহরতলি ও আশপাশের জেলা মিলিয়ে প্রায় ১ হাজার ৮৭২ কেজি বেআইনি আতশবাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

ভূত চতুর্দশীতে তৎপর পুলিশ, বাজেয়াপ্ত  হল ১ হাজার ৮৭২ কেজি বেআইনি বাজি
  • ২০ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: নিষিদ্ধ বাজি নিয়ে পুলিশি ধরপাকড় জারি থাকল ভূত চতুর্দশীতেও। কালীপুজোর আগের দিন শহর, শহরতলি ও আশপাশের জেলা মিলিয়ে প্রায় ১ হাজার ৮৭২ কেজি বেআইনি আতশবাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ। শুধুমাত্র কলকাতাতেই প্রায় দেড় হাজার কেজি বাজি বাজেয়াপ্ত হয়েছে। মুচিপাড়া, বড়তলা সহ শহরের বিভিন্ন থানা এলাকা থেকে এই বিপুল পরিমাণ বাজি উদ্ধার হয়েছে। বিধাননগরে উদ্ধার হওয়া নিষিদ্ধ বাজির পরিমাণ ২৯৬ কেজি। পুলিশ জানিয়েছে, আজ এই তল্লাশি অভিযানের ব্যাপকতা আরও বাড়বে। কড়া নজরদারির মাধ্যমে চলবে বেআইনি বাজির দাপট রোখার চেষ্টা।
কলকাতা পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে মুচিপাড়া থানা এলাকা থেকে প্রচুর চকোলেট বোমা, শেল সহ এক ব্যক্তিকে আটক করে পুলিশ। জানা যায়, সেগুলি ‘সবুজ বাজি’ নয়। উদ্ধার হওয়া বাজির পরিমাণ প্রায় ৩৫ কেজি। বিস্ফোরক আইনে গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। অভিযুক্তদের জেরা করে মুচিপাড়া থানার পুলিশ জানতে পারে, এই বাজি দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি থেকে কেনা হয়েছিল। সেগুলি শহরে এনে বিক্রির পরিকল্পনা ছিল ধৃত যুবকের। বড়তলা থানা এলাকা থেকেও প্রায় ২৫ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার হয়েছে। পাশাপাশি, সাউথ ওয়েস্ট ও সাউথ সাবার্বান ডিভিশনের বিভিন্ন থানা এলাকা মিলিয়ে প্রায় ৪০০ কেজি বাজি উদ্ধার হয়। 
বিধাননগর সিটি পুলিশের তরফেও তল্লাশি অভিযানে জোর দেওয়া হয়েছে। ভূত চতুর্দশীতে সকাল থেকে রাত পর্যন্ত সবক’টি থানা মিলিয়ে বিপুল পরিমাণ বাজি উদ্ধার হয়েছ। এয়ারপোর্ট, রাজারহাট ও টেকনোসিটি থানা এলাকায় বাজেয়াপ্ত হওয়া নিষিদ্ধ বাজির পরিমাণ সবচেয়ে বেশি। যথাক্রমে ৫৬ কেজি, ৫৬ কেজি ও ৪৫ কেজি বেআইনি আতশবাজি মিলেছে এসব থানা এলাকা থেকে। বিধাননগর পুলিশ জানিয়েছে, এদিন সব থানা মিলিয়ে বিস্ফোরক আইনে মোট ৯টি মামলা রুজু করা হয়েছে। বেআইনি বাজি পোড়ানো ও বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয়েছে মোট ১৩ জনকে।  
উত্তর ২৪ পরগনার বারাসত ও বনগাঁ পুলিশ জেলায় এদিন মোট ৫৫ কেজি বাজি উদ্ধার হয়। শনিবার রাতে সূত্র মারফৎ পুলিশ খবর পায়, কালীবাড়ি এলাকায় বিশ্বজিৎ ঘোষ নামে এক ব্যক্তি প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি মজুত করেছেন। গোবরডাঙা পুলিশের তরফে অভিযান চালানো হয় দোকানে। সেখান থেকে প্রায় ২০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করেছে পুলিশ। বিক্রেতা বিশ্বজিৎ ঘোষকে গ্রেফতার করা হয়েছে। 
অন্যদিকে, কালীপুজোর দু’দিন আগে বিভিন্ন বাজারে তল্লাশি চালিয়ে প্রায় ২০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল বনগাঁ ও গাইঘাটা থানার পুলিশ। এই ঘটনায় দুই বেআইনি কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম কাঞ্চন সাহা এবং অর্পণ কুন্ডু। শনিবার রাতে বনগাঁ থানার পুলিশ স্থানীয় পল্লিবার্তা রোডে একটি গোডাউনে হানা দিয়ে প্রায় ১৫ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে।

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ