নয়াদিল্লি: বিরোধী ‘ইন্ডিয়া’ শিবিরের ‘চলো দিল্লি’ ডাকে ১ নভেম্বর বিশাল জন সমাবেশের সাক্ষী থেকেছে রামলীলা ময়দান। উৎসব মরশুমের বিরতির পর ২৬ নভেম্বর থেকে বিভিন্ন সংগঠন ফের এসআইআর ও জ্ঞানেশ কুমার বিরোধী আন্দোলন শুরু করতে চলেছে। তার মধ্যেই এবার রামলীলায় সমাবেশের ভিড় ‘নিয়ন্ত্রণে’ নয়া খসড়া আদর্শ কার্যপ্রণালী বা এসওপি তৈরি করল দিল্লি পুলিশ। সেই খসড়া প্রস্তাবে বলা হয়েছে, মধ্য দিল্লির এই ঐতিহাসিক ময়দানে কোনো সভা-সমাবেশেই ৫০ হাজারের বেশি লোক জড়ো করা যাবে না। বেঁধে দেওয়া হয়েছে সময়সীমাও। সকাল ১০টায় শুরু করে কর্মসূচি শেষ করে ফেলতে হবে বিকেল ৫টার মধ্যে।
সিজেপি তথা জেন জি-র আন্দোলনের ধাক্কায় ইতিমধ্যেই যন্তরমন্তরে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বাধীন দিল্লি পুলিশ। বিকল্প হিসাবে তিনটি স্থানের নাম ঘোষণা করা হয়েছে। বুরারি গ্রাউন্ড, সিবিডি গ্রাউন্ড ও রামলীলা ময়দান। তার মধ্যেই এবার বিরোধী শিবিরের আন্দোলনের আঁচে রামলালীয় ভবিষ্যতের সমাবেশগুলিকে সরকার নয়া বিধির জালে বেঁধে ফেলার উদ্যোগ নিচ্ছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের। যদিও দিল্লি পুলিশের বক্তব্য, সুরক্ষা, নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনার কারণে প্রস্তাবিত গাইডলাইনগুলি তৈরি করা হয়েছে। পুলিশের এক প্রবীণ আধিকারিক বলেছেন, এই খসড়া এসওপি অনুমোদনের জন্য পাঠানো হয়েছে দিল্লি পুলিশের সদর দপ্তরে। প্রস্তাবগুলি প্রাথমিক পর্যায়ে রয়েছে। বিধিগুলি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
খসড়া এসওপিতে বলা হয়েছে, সভা-সমাবেশের জন্য প্রথমেই দিল্লি পুরসভার ছাড়পত্র নিতে হবে। তা মেলার পরই একমাত্র দিল্লি পুলিশের অনুমতির জন্য আবেদন করা যাবে। প্রস্তাবিত কর্মসূচির অন্তত ১০ দিন আগে সেই আবেদন করতে হবে। ভিড় নিয়ন্ত্রণ, ট্রাফিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়, পার্কিংয়ের ব্যবস্থা সহ নানাবিধ বিষয়ের দায়িত্ব উদ্যোক্তাদের নিতে হবে। রাস্তা এবং আপৎকালীন রুটগুলি যাতে অবরুদ্ধ হয়ে না পড়ে, তা নিশ্চিত করতে হবে। আগ্নেয়াস্ত্র বা যেকোনো ধরনের অস্ত্রশস্ত্র নিষিদ্ধ। ড্রোনের ব্যবহার করতে হলে, তার জন্য আগাম অনুমতি নিতে হবে। পানীয় জল, চিকিৎসা সহায়তা, নিকাশির মতো ব্যবস্থাও করতে হবে আয়োজকদের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন মেলার পর এই নয়া এসওপি কার্যকর করা হবে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্তা।



