নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাত দিনের মধ্যে দ্বিতীয়বার। বাড়িতে নজরদারি নিয়ে ফের পুলিশের দিকে আঙুল তুললেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত শুক্রবার ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করেন অভিষেক। যে ভিডিয়োতে অভিষেক দেখিয়েছেন, মোটরবাইকে চড়ে এসে দুই ব্যক্তি ঘোরাঘুরি করছেন। কোনো তথ্য সংগ্রহ করছেন। নজরদারি চালাচ্ছেন। এরপর চলতি সপ্তাহের বুধবার। আবারও ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করলেন তিনি। তাঁর অভিযোগ, কলকাতা পুলিশের আধিকারিকরা সরকারি গাড়ি নিয়ে আমার বাড়ির চারপাশে রেকি করছেন। বেআইনিভাবে আমার উপর নজরদারি চালাচ্ছেন। আমার আশঙ্কা, আবারও হামলার ছক কষা হচ্ছে। এর আগে গত ৭ তারিখ বিজেপির যারা আমার উপর হামলা চালিয়েছিল, তাদের একজনকেও গ্রেপ্তার করা হয়নি। পুলিশ কি সাধারণ মানুষের নিরাপত্তার জন্য, নাকি দুষ্কৃতীদের আড়াল করার জন্য?
অন্যদিকে, এদিন কালীঘাটে অভিষেকের বাড়ির নীচে ফুটপাতের উপর নিরাপত্তারক্ষীদের বসার জন্য যে অস্থায়ী কাঠামো তৈরি করা হয়েছিল, সেটা সরিয়ে ফেলা হল। আইনজীবী অর্ক নাগ বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই অস্থায়ী কাঠামো খুলে ফেলা হয়েছে। আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘জেড প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। সে সময় হাউসগার্ড সহ অন্য নিরাপত্তাক্ষীদের বসবার জন্য এই অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয়েছিল। যেহেতু এখন নিরাপত্তারক্ষীর সংখ্যা কমেছে, তাই এই অস্থায়ী কাঠামো খুলে ফেলা হয়েছে। এটা পুলিশের পক্ষ থেকে বানানো হয়েছিল। এখন আর তার প্রয়োজনীয়তা নেই। পুলিশ এতদিন ধরে যখন এই অস্থায়ী কাঠামো খুলতে পারেনি। তাই আমরা খুলে দিলাম। যদিও কাঠামো খোলা নিয়ে পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



