নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: ‘আপনাদের পুজো মণ্ডপে যেন পুলিশের গাড়িকে ছুটতে না হয়। মনে রাখবেন, পুলিশের গাড়ি গেলে কিন্তু খালি হাতে ফিরবে না।’ শারদোৎসবের প্রাক্কালে পুজো উদ্যোক্তাদের ঠিক এই ভাষাতেই কড়া হুঁশিয়ারি দিল পুলিশ। পাশাপাশি, সরকারি অনুদানের যথাযথ ব্যবহার ও সিউড়িকে সার্বিকভাবে নেশামুক্ত করার জোরালো ডাক দেওয়া হল চেক বিলির মঞ্চ থেকে।
মঙ্গলবার সিউড়ির ডিআরডিসি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে থানা এলাকার মোট ২২৯টি দুর্গাপুজো কমিটির হাতে রাজ্য সরকারের অনুদানের এক লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। জেলা পুলিশের অনুমোদনের পর এদিন তাদের হাতে চেক তুলে দেন আধিকারিকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিউড়ি থানার আইসি শৈলেন্দ্র উপাধ্যায় সহ বিশিষ্টরা। এদিন উদ্যোক্তাদের সতর্ক করে আইসি মণ্ডপের দখলদারি ও বিশৃঙ্খলা নিয়ে জিরো টলারেন্স নীতির কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, নিজেদের মধ্যে রেষারেষি বা মারপিট করবেন না। ওই পাড়ার ছেলে আমার ক্লাবে কেন এল, এসব যেন না হয়। আর সরকারি সাহায্যের এই টাকা যেন কোনোভাবেই নয়ছয় না হয়, মানুষের কল্যাণে তা ব্যয় করতে হবে। নেশামুক্ত সমাজ গড়ার ডাক দিয়ে আইসি বলেন, নেশাজাতীয় দ্রব্য যেখানে বিক্রি হচ্ছে বা কেউ খাচ্ছে, খবর পেলে আমি নিজেই সেখানে পৌঁছে যাব। এমন পরিবেশ তৈরি করুন যাতে মধ্যরাতে পুলিশকে আপনাদের দরজায় কড়া নাড়তে না হয়।
পুজোর বিকৃতি রুখতে ও সুস্থ প্রতিযোগিতার বার্তা দেন বিজেপি নেতা শ্যামসুন্দর গড়াই। তিনি বলেন, দুর্গাপুজো মানে মাতৃ আরাধনা। বিসর্জনে কার সাউন্ড বক্সের কত আওয়াজ বা কে কার মাথা ফাটাল, তার প্রতিযোগিতা যেন না হয়।



