নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ট্রাফিক আইন ভেঙে বেকায়দায় পড়েছে পুলিস। এমন দৃশ্য সচরাচর চোখে পড়ে না। তবে একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, ট্রাফিক আইন ভেঙে এক নাগরিকের ভর্ৎসনার মুখে পড়েছেন এক পুলিসকর্মী। ভিডিওটি ভাইরাল। শুরু হয়েছে গুঞ্জন। হুগলির সিঙ্গুর থানা এলাকার এই ঘটনার কথা কানে গিয়েছে পুলিস কর্তাদের। এক পুলিস আধিকারিকের দাবি, শ্রাবণী মেলার জন্য অনেক পুলিসকর্মী বাইরে থেকে এসেছেন। তাঁদের অনেকে এই এলাকার পথঘাট তেমন জানেন না। সে কারণে ত্রুটি হয়ে থাকতে পারে। আর সিঙ্গুর থানা জানিয়েছে, ট্রাফিক আইন ভাঙা নিয়ে কোনও অভিযোগ দায়ের হয়নি।
ভিডিওটির সত্যতা যাচাই হয়নি। সেটিতে দেখা গিয়েছে, ঘটনাটি ঘটেছে রাতে। সিঙ্গুরের রাস্তায় একটি নীলবাতি দেওয়া পুলিসের গাড়ির সামনে এক মধ্যবয়সী বাইক আরোহী দাঁড়িয়ে। তিনি লাগাতার বেআইনিভাবে রাস্তা চলাচল করা নিয়ে গাড়িতে থাকা এক পুলিসকর্মীকে কার্যত ভর্ৎসনা করছেন। একসময় পুলিসকর্মী গাড়ি থেকে নেমে আসেন। বোঝানোর চেষ্টা করেন। বলেন, ‘ভুল হয়েছে। কিন্তু আমার কথা শুনুন।’ তবে বাইক আরোহী কোনও কথাই শুনতে চাইছেন না। তিনি ক্রমাগত বলে যাচ্ছেন, ‘আমরা আইন ভাঙলে পুলিস পদক্ষেপ নেয়। আমাকে সদ্য ট্রাফিক আইন ভাঙার জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছিল। আপনারা পুলিস। আপনারা কেন আইন ভাঙবেন। আমি অভিযোগ করব? থানায় যাব?’ তিনি যত সুর চড়ান ততই বিব্রত হতে দেখা যায় পুলিসকর্মীকে। এরপর এই দৃশ্য রীতিমতো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। অনেকে দেখেই মুচকি হেসেছেন। কেউ বাইক আরোহীর সাহসের প্রশংসা করেছেন। আইনরক্ষকদেরই আইনি প্রশ্নের মুখে পড়ে বিপন্ন হতে দেখে নাগরিকদের অনেককে দেখা গিয়েছে উচ্ছ্বাস প্রকাশ করতে।