নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাওড়া পুলিশ আমাকে গ্রেপ্তারের হুমকি দিয়েছে বলে বিস্ফোরক অভিযোগ আনলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। মঙ্গলবার তিনি দাবি করেন, এদিন হাওড়া পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের টিম আমার বাড়িতে হাজির হয়। নোটিস দিয়েছে। চার দিনের মধ্যে না মানলে গ্রেপ্তার, লেখা আছে। পাশাপাশি কুণালের বক্তব্য, জানাল যে আমার একটি ফেসবুক পোস্ট নিয়ে আপত্তি! কিন্তু আমি ফেসবুকে আপত্তিকর কোনো কথা লিখিনি। আমাকে গ্রেপ্তারের হুমকি দিলেও এভাবে আমাকে থামানো যাবে না।
অন্যদিকে, এদিন বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস নেতা সন্দীপন সাহার সঙ্গে বৈঠক হয়েছে কুণালের। দুপক্ষই দাবি করেছে, দুর্গাপুজোর পর সৌজন্য সাক্ষাৎ। আবার সন্দীপনের সঙ্গে বিজেপি বিধায়ক সজল ঘোষের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। সেটাও সৌজন্যের পর্যায় হিসাবেই ধরা হয়েছে। তবে রাজনৈতিক মহলের চর্চায় উঠে এসেছে, উত্তর কলকাতা কেন্দ্রিক কোনো বিষয় নিয়ে কথাবার্তা হতে পারে। কারণ রাজনৈতিক পরিসরে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ‘বিরোধী’ হিসাবে চিহ্নিত কুণাল, সজল, সন্দীপন।



