সংবাদদাতা, বারুইপুর: বারুইপুরে বিজেপির বুথ সভাপতি রাজীব বিশ্বাসকে খুনের ঘটনায় এবার নতুন তত্ত্ব প্রকাশ করল পুলিস। রবিবার সাংবাদিক বৈঠক করে বারুইপুরের এসডিপিও অভিষেক রঞ্জন বলেন, ওই যুবক মাদকাসক্ত ছিলেন। প্রতিদিনই এ নিয়ে তাঁদের বাড়িতে অশান্তি হতো। গত ৮ আগস্ট রাতে ওই অশান্তির জেরেই যুবককে মারধর করা হয়েছিল। পরে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় জড়িত অন্যদের সন্ধানে তল্লাশি চলছে। পুলিস এখন এই তত্ত্ব তুলে ধরলেও আগে অন্য কারণ বলেছিল। মৃতের বাবা জেরায় দাবি করেছিল, জমি বিক্রির ভাগ চাওয়াতেই ছেলেকে খুন করা হয়েছিল। এদিন এই তত্ত্ব নিয়ে বারুইপুরের এসডিপিও বলেন, সম্পত্তিগত বিবাদের কারণ খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু প্রশ্ন হল, এতদিন বাদে কেন পুলিস মাদকাসক্তের অভিযোগ সামনে আনল, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।



