Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

৭০ শিক্ষার্থীর হাতে জেনারেল নলেজের বই তুলে দিল পুলিস

৭০ শিক্ষার্থীর হাতে জেনারেল নলেজের বই তুলে দিল পুলিস
  • ১৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: পুলিস অথবা অন্যান্য ফোর্সের চাকরিতে শারীরিক সক্ষমতার পাশাপাশি লিখিত পরীক্ষা হয়। আর তাতে জেনারেল নলেজের উপর প্রশ্নপত্র থাকে। কিন্তু, প্রত্যন্ত গ্রামে অনেকেরই ক্ষেত্রে বই কেনা সম্ভব হয়ে ওঠে না। তাই রবিবার বাঁকুড়া জেলা পুলিসের উদ্দীপন প্রকল্পের মাধ্যমে তালডাংরার আমডাংরা ফাঁড়ির পুলিসের তরফে ৭০শিক্ষার্থীর হাতে জেনারেল নলেজের বই তুলে দেওয়া হয়। স্থানীয় সাবড়াকোণ রবীন্দ্রভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা অতিরিক্ত পুলিস সুপার(অপারেশন) মকসুদ হাসান, তালডাংরা থানার আইসি জয়দীপ লোধ, বনদপ্তরের আমডাংরা বিট অফিসার খোকন নস্কর, আমডাংরা ফাঁড়ির ইনচার্জ শ্রীমন্ত চক্রবর্তী প্রমুখ। 

Advertisement

অতিরিক্ত পুলিস সুপার বলেন, শহরে সুযোগ সুবিধা থাকলেও প্রত্যন্ত গ্রামের ছেলে মেয়েরা পুলিস অথবা অন্যান্য ফোর্সের চাকরিতে বিশেষ কোচিং পায় না। সেটা উপলব্ধি করেই পুলিসের তরফে উদ্দীপন নামে একটি কর্মসূচি নেওয়া হয়েছে। আমডাংরা ফাঁড়ির সহযোগিতায় সাবড়াকোণে সেই কর্মসূচি চলছে। প্রচুর শিক্ষার্থী এখানে রয়েছে। তারা যাতে সাধারণ জ্ঞান সম্পর্কে আরও বেশি অবহিত হতে পারে, তার জন্য এদিন জেনারেল নলেজের বই দেওয়া হয়েছে। বাঁকুড়া জেলা পুলিস সবসময় তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। 
ফাঁড়ি ইনচার্জ বলেন, আমাদের উদ্দীপন কর্মসূচিতে ২৫৬জন শিক্ষার্থী রয়েছে। তাদের প্রতিদিন সকালে শারীরিক সক্ষমতার অনুশীলন করানো হয়। সেই সঙ্গে অভিজ্ঞ শিক্ষক দ্বারা থিয়োরি ক্লাস করানো হয়। এদের মধ্যে প্রয়োজন ভিত্তিতে এদিন ৭০জনকে আনুষ্ঠানিকভাবে জেনারেল নলেজের বই দেওয়া হয়েছে। বাকিদেরও প্রয়োজন ভিত্তিতে ধাপে ধাপে অন্যান্য প্রতিযোগিতামূলক চাকরির প্রস্তুতির বই দেওয়া হবে। 
এদিন বই প্রাপক শিক্ষার্থীরা বলেন, আমরা দরিদ্র পরিবারের সন্তান। বাইরে গিয়ে কোচিং নেওয়ার মতো সামর্থ্য পরিবারের নেই। সেই জন্য ঘরের কাছে পুলিসের উদ্দীপন প্রকল্পের কোচিং সেন্টারে ভর্তি হয়েছি। এখানে বিনামূল্যে অনুশীলনের পাশাপাশি পুলিস ও অন্যান্য ফোর্সের চাকরির প্রস্তুতি নিতে পারছি। টাকার অভাবে বই কেনা সম্ভব হয়নি। এদিন পুলিসের তরফে সেটাও বিনামূল্যে দেওয়া হয়েছে। এর জন্য বাঁকুড়া জেলা পুলিসকে অসংখ্য ধন্যবাদ।

Advertisement
সম্পর্কিত সংবাদ