পণে মেলেনি পছন্দের গাড়ি, বিয়ে ভাঙলেন পুলিশ পাত্র
  • ২৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চণ্ডীগড়: সকাল থেকেই কনের বাড়িতে ব্যস্ততা তুঙ্গে। আত্মীয়-অতিথিরাও চলে এসেছেন। বেলা গড়াতেই বদলাল পরিস্থিতি। নিমেষে উধাও হল বিয়েবাড়ির আনন্দ।  পাত্র জানালেন,‘পণে পছন্দের গাড়ি দেওয়া হয়নি। তাই বিয়ে করতে পারব না।’ জানা গিয়েছে, পাত্র একজন পুলিশ কর্মী। হরিয়ানার সোনিপতের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে কনের পরিবার।  কনের বাবা সুভাষ কুমারের অভিযোগ, তাঁর মেয়ে হিনার সঙ্গে প্রায় ছ’মাস আগে কুলদীপ নামে ওই যুবকের বিয়ে ঠিক হয়েছিল। বিয়ের দিন ধার্য হয় ২০ নভেম্বর। অভিযোগ, বিয়ের সম্বন্ধ চূড়ান্ত হওয়ার পর থেকেই পাত্রপক্ষের তরফে গাড়ি ও গয়নার দাবি উঠতে শুরু করে। সুভাষের দাবি, পাত্রের জন্য প্রায় ৯ লক্ষ ৫০ হাজার টাকা দামের একটি হুন্ডাই অরা গাড়ি বুক করেছিলেন তাঁরা। কিন্তু বিয়ের ঠিক এক দিন আগে তিনি জানতে পারেন, ওই গাড়িতে সন্তুষ্ট নন কুলদীপ। প্রায় ১৩ লক্ষ টাকা দামের মারুতি ব্রেজা গাড়ি চাই তাঁর। আগের বুকিং বাতিল করে পাত্রের মনপসন্দ গাড়ি সংগ্রহের চেষ্টা করে কনের পরিবার। কিন্তু সময়ের অভাবে তা হয়ে ওঠেনি। বিয়ের প্রস্তুতিতে সব মিলিয়ে প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকা খরচ করেছিলেন তাঁরা। কিন্তু বিয়ের দিন বরযাত্রী নিয়ে না এসে সাধারণ পোশাকে নিজের মায়ের সঙ্গে পৌঁছান কুলদীপ। সেখানে এসেই ব্রেজা গাড়ির খোঁজ করেন তিনি। বিষয়টি নিয়ে বচসা শুরু হয়। দু’পক্ষই পুলিশকে বিষয়টি জানায়।  পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সুভাষ। 

Advertisement