নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ডাকাতির বড়সড় চেষ্টা ভেস্তে দিল চণ্ডীতলা থানার পুলিশ। সোমবার ভোররাতে চণ্ডীতলার কালীপদ ফুয়েল স্টেশনের কাছে অন্ধকারাচ্ছন্ন এক এলাকা থেকে ছ’জন ডাকাতকে পুলিশ গ্রেফতার করেছে। ওই এলাকায় ডাকাতির উদ্দেশ্যে দুষ্কৃতীদের একটি বড় দল জড়ো হয়েছিল। তবে পুলিশের অভিযানের সময় অন্ধকারের সুযোগ নিয়ে কয়েকজন দুষ্কৃতী পালিয়ে গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোররাতে এ বিষয়ে পুলিশের কাছে খবর আসে। তারপর চণ্ডীতলা থানার পুলিশ বিশেষ পরিকল্পনা করে এলাকায় অভিযান চালায়। কার্যত চারদিক ঘিরে ফেলে দুষ্কৃতীদের ধরা হয়। সব মিলিয়ে ছ’জন কুখ্যাত অপরাধীকে ধরতে পেরেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ধৃতদের বেশিরভাগই বসিরহাট থানা এলাকার বাসিন্দা। এছাড়াও ওই দলে রয়েছে কলকাতার বিবিবাজারের এক দুষ্কৃতী। ধৃতদের নাম আকবর আলি, তৌহিদ আখতার, রোহন গাজি, নাসিরুদ্দিন মোল্লা, সরাফ গাজি ও আব্দুল গফফর মৃধা। ধৃতদের জেরা করে পলাতক দুষ্কৃতীদের সম্পর্কে তথ্য জোগাড়ের চেষ্টা চালাচ্ছে পুলিশ। পুলিশের একটি সূত্রের দাবি, কলকাতার বাসিন্দা আকবর আলি ডাকাতির পরিকল্পনা করেছিল। সে বাকিদের জোগাড় করেছে। যদিও এ বিষয়ে সরকারিভাবে পুলিশ কোনও বিবৃতি দেয়নি। ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। চণ্ডীতলা থানার পুলিশ জানিয়েছে, ধৃতরা ডাকাতির পরিকল্পনার কথা স্বীকার করেছে। স্থানীয় কারখানা এবং যাত্রীবাহী বাস ও গাড়িতে ডাকাতির পরিকল্পনা ছিল তাদের। সাম্প্রতিক সময়ে একাধিক ডাকাতির প্রয়াস চণ্ডীতলা পুলিশ রুখে দিয়েছে। গ্রামীণ পুলিশের কর্তারা সোমবার সকালে চণ্ডীতলা থানার অফিসারদের অভিনন্দন জানিয়েছেন।