Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তৃণমূল নেতা বাবলা খুনে পুলিসের সাপ্লিমেন্টারি চার্জশিট

তৃণমূল নেতা বাবলা খুনে পুলিসের সাপ্লিমেন্টারি চার্জশিট
  • ৬ মে, ২০২৫ ২০:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: মালদহের দাপুটে তৃণমূল নেতা বাবলা সরকার খুনের ঘটনায় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল পুলিস। আজ, মঙ্গলবার লোয়ার কোর্টে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে পুলিস। বুধবার জজ কোর্টে ট্রায়ালের জন্য তা পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মালদহ জেলা আদালতের অ্যাসিস্টেন্ট পাবলিক প্রসিকিউটর দেবজ্যোতি পাল। 

Advertisement

এদিকে, দ্বিতীয়বার পুলিসি হেফাজত শেষে এদিন বাবলা সরকার শ্যুট আউট কাণ্ডের অন্যতম চক্রী কৃষ্ণ রজক ওরফে রোহনকে আদালতে পেশ করে পুলিস। ধৃতকে এদিন চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
ইংলিশবাজারের নিমাসরাইতে গত ২ জানুয়ারি নিজের কারখানার কাছেই দুষ্কৃতীদের গুলিতে খুন হন বাবলা। প্রকাশ্য দিবালোকে জনপ্রিয় ও দাপুটে তৃণমূল কংগ্রেস নেতাকে খুনের ঘটনায় রাজ্যজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। তদন্তকারীদের রিপোর্ট অনুযায়ী, খুনের অন্যতম চক্রী ছিল এই কৃষ্ণ। ঘটনার দিনই বিহারে পালানোর চেষ্টা করার সময় কয়েকজন দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিস। তদন্ত যত এগিয়েছে, বাবলা খুনের ঘটনায় গ্রেপ্তারির সংখ্যাও বেড়েছে। গত চার মাসে বিভিন্ন সময়ে এই ঘটনায় মোট আটজনকে পুলিস গ্রেপ্তার করে। যার মধ্যে অন্যতম নাম তৃণমূল কংগ্রেসের তৎকালীন ইংলিশবাজার শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি ওরফে নন্দু এবং মালদহের এক সময়কার কুখ্যাত দুষ্কৃতী হিসেবে পরিচিত স্বপন শর্মা। গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে বিহারের কাটিহার জেলার আজমনগর থেকে কৃষ্ণকে ধরা হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ