নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বুধবার বাঁকুড়া জেলা পুলিসের তরফে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা দেওয়া হয়। এদিন বাঁকুড়া পুলিস লাইনে এই উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে পুলিস সুপার বৈভব তেওয়ারি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পুলিস সুপার বলেন, মেধাতালিকায় প্রথম ২০টি স্থানের মধ্যে জায়গা পাওয়া জেলার কৃতীদের এদিন সংবর্ধনা দেওয়া হয়। মাধ্যমিকের ৩৩ জন ও উচ্চ মাধ্যমিকের ১৩ জন কৃতীকে সংবর্ধিত করা হয়। পরবর্তীকালে অন্যান্য পরীক্ষাতেও তারা নিজেদের কৃতিত্ব দেখাবে বলে আশা করছি। তিনি বলেন, আমরা প্রতি বছরই অভাবী মেধাবীদের পাশে দাঁড়িয়ে থাকি। অর্থের অভাবে কারও পড়াশোনা বন্ধ হোক, তা আমরা চাই না। দুঃস্থ মেধাবীরা সমস্যায় পড়লে পুলিসের সঙ্গে যোগাযোগ করতে পারে।



