নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘পুজোর সময় রাজ্যে নাশকতার ছক। বিশেষত সীমান্তবর্তী এলাকায়। উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ সীমান্তে এই নাশকতার ছক কষেছে জঙ্গিরা। তাই সীমান্তের পাশাপাশি আশপাশে রাজ্য পুলিশের অন্তর্ভুক্ত গোটা এলাকার নিরাপত্তায় নামছে কেন্দ্রীয় বাহিনী। মহালয়ার দিন থেকেই এই বিধি কার্যকর হবে।’ সংবাদ মাধ্যমগুলির লোগো জাল করে খবরের আকারে এই বার্তাই ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। যা সম্পূর্ণ ভ্রান্ত ও ভুয়ো। সোমবার সোশ্যাল মিডিয়াতেই একথা সাফ জানিয়ে দিল রাজ্য পুলিশ। ভবানীভবনের তরফে বলা হয়েছে, ‘পুজোর সময় রাজ্যবাসীকে যাবতীয় নিরাপত্তা দিতে প্রস্তুত রাজ্য পুলিশ। কোনও কেন্দ্রীয় বাহিনী ও সীমান্তরক্ষী মোতায়েন করার সরকারি নির্দেশিকা নেই।’ প্রতিবছরই দুর্গাপুজোকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয় রাজ্যকে। বিশেষত ইন্টেলিজেন্স বিভাগকে সতর্ক থাকার দায়িত্ব সঁপে থাকেন রাজ্য পুলিশের ডিজি। ভবানীভবন সূত্রে খবর, গণেশপুজোর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঘুরতে থাকে। তাতে বলা হয়, পুজোর সময় বাংলায় নাশকতার অ্যালার্ট রয়েছে। সেই পোস্টটি ভাইরাল হওয়া থেকে আটকায় রাজ্য পুলিশ। এরপরেই বিভিন্ন সংবাদমাধ্যমের অনলাইন পেজের ‘ইন্টারফেস’ জাল করে সাইবার দুষ্কৃতীরা নাশকতা ছকের ভুয়ো বার্তা ছড়িয়ে দেয়। সংবাদ মাধ্যমের পেজ থেকে পোস্ট হলে আম জনতার মধ্যে তার বিশ্বাসযোগ্যতা বাড়বে। এই ধারণা করেই জালিয়াতির প্ল্যান হয় বলে অনুমান রাজ্য পুলিশের। সোমবার একাধিক সংবাদ মাধ্যমের জাল পেজগুলিকে ‘ফেক’ বলে দাগিয়ে দিয়েছে ভবানীভবন। পাশাপাশি, সোশ্যাল মিডিয়াতে একটি সতর্কবার্তাও দেওয়া হয়েছে রাজ্য পুলিশের তরফে। সেখানে বলা হয়েছে, ‘খবরটি ভুয়ো। প্রতিবারের মতো এবারও রাজ্যের সর্বত্র পশ্চিমবঙ্গ পুলিশ দুর্গাপুজো নির্বিঘ্নে ও শান্তিতে সুসম্পন্ন করতে প্রস্তুত রয়েছে।’



