Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বাইকের দাপট রুখতে পথে পুলিশি অভিযান

পুজোর বাকি আর হাতেগোনা কয়েকদিন। তার আগেই অশোকনগরের রাস্তায় ‘রোমিও’দের দাপাদাপি বাড়ছে বলে অভিযোগ।

বাইকের দাপট রুখতে পথে পুলিশি অভিযান
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: পুজোর বাকি আর হাতেগোনা কয়েকদিন। তার আগেই অশোকনগরের রাস্তায় ‘রোমিও’দের দাপাদাপি বাড়ছে বলে অভিযোগ। কখনও বিকট শব্দ তুলে, কখনও বেপরোয়া গতিতে বাইক ছুটিয়ে রাস্তায় দাপিয়ে বেড়ানোর অভিযোগ উঠছে বাইকচালকদের একাংশের বিরুদ্ধে। অভিযোগ, ট্রাফিক আইনের তোয়াক্কা করছেন না তাঁরা। একই অবস্থা বারাসত, মধ্যমগ্রাম সহ বারাসত পুলিশ জেলার প্রতিটি থানা এলাকায়। এই পরিস্থিতি সামাল দিতে এবার পথে নামল অশোকনগর ট্রাফিক পুলিশ। অশোকনগরের বিভিন্ন মোড়ে অভিযান চালানো হয়।  রবিবার থেকে এই অভিযান শুরু করেছে পুলিশ। সাইলেন্সার বদল করে বিকট শব্দ তুলে বাইক ছোটায় যাঁরা, এমন ২০জন বাইকচালককে আটক করা হয়। পরে মেকানিক ডেকে বাইকের ওই সাইলেন্সার খুলে ফেলা হয়। নিয়ম ভাঙার জন্য জরিমানা করা হয়েছে সংশ্লিষ্ট বাইকচালকদের। স্থানীয়দের অভিযোগ, অশোকনগরের একাধিক রাস্তায় সন্ধ্যার পর থেকেই বাইকচালকদের একাংশের দৌরাত্ম্য বাড়ে। বিকট শব্দ করে দ্রুতগতিতে বাইক চালানোয় পথচারী থেকে দোকানদার— অনেকেই সমস্যায় পড়ছেন। এই শব্দ নিয়ে বিশেষ করে প্রবীণ ও শিশুদের আপত্তি রয়েছে। পুজোর আগে রাস্তায় ভিড় বাড়লে এই প্রবণতা আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে শঙ্কা স্থানীয়দের। অন্যদিকে, বারাসতের টাকি ও যশোর রোডে বিকট শব্দের বাইকারদের দাপাদাপি বাড়ছে। পুজোর মরশুমে রাস্তায় ভিড় বাড়ে। ফলে বেপরোয়া বাইক চালানো নিয়ে আগে থেকেই সতর্ক পুলিশ। আগামী দিনে শহরের গুরুত্বপূর্ণ মোড় ও রাস্তাগুলিতে অভিযান চলবে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ