সিনেমার কায়দায় গোরু পাচার রুখল পুলিশ
  • ২৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: শনিবার গভীর রাতে জাতীয় সড়কে পিছু ধাওয়া করে গোরু পাচার রুখল নলহাটি থানার পুলিশ। তাড়া খেয়ে পাচারকারীরা জাতীয় সড়ক ছেড়ে কয়থা মোমিনপাড়ার দিকে ঢুকে পড়ার চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। এঘটনায় একটি পিকআপ ভ্যান ও একটি চারচাকা গাড়ি আটক করা হয়েছে। পিকআপ ভ্যান থেকে চারটি গোরু উদ্ধার হয়েছে। সেটির চালক পালিয়ে গেলেও অপর গাড়িতে থাকা দু’জনকে পুলিশ হাতেনাতে গ্রেপ্তার করেছে।

Advertisement

শুক্রবার রাতে নলহাটি থানার একটি টিম জাতীয় সড়কে টহল দিচ্ছিল। সেসময় সূত্র মারফত খবর আসে, মুর্শিদাবাদের দিকে পাচারের উদ্দেশ্যে গোরুবোঝাই গাড়ি আসছে। এর কিছুক্ষণের মধ্যেই ওই পিকআপ ভ্যান ও চারচাকা গাড়িকে প্রচণ্ড জোরে যেতে দেখে পুলিশ থামানোর সংকেত দেয়। কিন্তু পুলিশ দেখেই দু’টি গাড়ি আরও গতি বাড়িয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে। এরপরই জাতীয় সড়কে ফিল্মি কায়দায় পিছু নেয় পুলিশ। বেশ কিছু দূর যাওয়ার পর পাচারকারীরা বিপদ বুঝে কয়থা মোমিনপাড়ার রাস্তা ধরে পালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশ গাড়ি দু’টির পথ আটকে সেগুলিকে ঘিরে ফেলে। তল্লাশিতে পিকআপ ভ্যান থেকে চারটি গোরু উদ্ধার হয়। পিকআপ ভ্যানের চালক পালিয়ে গেলেও অপর গাড়িতে থাকা খাইরুল শেখ ও টুটুল মিয়াঁকে পাকড়াও করে পুলিশ। প্রথমজন নলহাটির সালিসান্ডা ও দ্বিতীয়জন মুর্শিদাবাদের পাঁচগ্রামের বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ঝাড়খণ্ড থেকে বাংলাদেশের পাচারের উদ্দেশ্যে ওই সমস্ত গোরু মুর্শিদাবাদে নিয়ে যাওয়া হচ্ছিল। খাইরুল ‘লাইনম্যান’ অর্থাৎ পথ দেখিয়ে নিয়ে আসার দায়িত্বে ছিল। পলাতক পিকআপ ভ্যান চালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।