নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সত্যজিত্ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (এসআরএফটিআই) পড়ুয়া বনাম কর্তৃপক্ষ ‘স্নায়ুযুদ্ধ’ চলছেই। শনিবার ভোরে পড়ুয়াদের ধরনা আদালতের নির্দেশে পুলিশ তুলে দিয়েছিল। রবিবার পড়ুয়ারা জানিয়েছেন, তাঁরা আইনের দ্বারস্থ হবেন। এমনকি, ধরনা মঞ্চ তুলতে এসে পুলিশের আঘাতে ১০-১২ জন পড়ুয়া আহত হয়েছেন বলেও অভিযোগ ছাত্র সংসদের। এদিকে মুখ ঢাকা পুলিশ কেন, তার জবাবে পড়ুয়াদের কাছে ‘ধুলো-অ্যালার্জি’র যুক্তি দিয়েছেন কর্তৃপক্ষ। পড়ুয়াদের অভিযোগ, নতুন করে তিনজনের বিরুদ্ধে কর্তৃপক্ষ এফআইআর দায়েরও করেছেন। দিনকয়েক আগে একজন নিরাপত্তারক্ষীকে হেনস্তার অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে। এই বিষয়ে পড়ুয়াদের দাবি অবশ্য, এই অভিযুক্ত তিনজনের মধ্যে একজন পড়ুয়া পা ভেঙে হস্টেলের বিছানায় একমাস যাবৎ শয্যাশায়ী!
ধরনা মঞ্চ তুলে দেওয়ার বিষয়ে ছাত্ররা বেশ কয়েকটি প্রশ্ন তুলেছেন। প্রথমত, পুলিশের সঙ্গে মুখ বাঁধা অবস্থায় এসে কারা মঞ্চ ভেঙেছেন? কর্তৃপক্ষ এদিন জানিয়েছেন, দু-একজন ব্যক্তি ধুলো-অ্যালার্জি থেকে বাঁচতে মাস্ক পরেছিলেন। ছাত্রদের আরও বক্তব্য, ভোরবেলা ওভাবে পুলিশ কেন এসেছিল? আগে থেকে জানানো হয়নি কেন? এক্ষেত্রে এসআরএফটিআই কর্তৃপক্ষের যুক্তি, এর আগে তিনবার ছাত্র সংসদের সভাপতি ব্লসম হাজারিকাকে মঞ্চ তোলার জন্য চিঠি দেওয়া হয়েছিল।
পড়ুয়াদের আরও বক্তব্য, শনিবার ভোরে পুলিশ এসে প্রতিষ্ঠানের বহু জিনিস নিয়ে গিয়েছে। এমনকি পড়ুয়াদের ব্যক্তিগত জিনিসপত্রও নিয়ে গিয়েছে তারা। কিন্তু তার কোনো তালিকা দেওয়া হয়নি।
এসআরএফটিআইয়ের পড়ুয়া সুদীপ চক্রবর্তী বলছিলেন, ‘শনিবারের ঘটনার পর আমরা আপাতত সহপাঠীদের চিকিত্সা করাচ্ছি। অনেকেই আহত হয়েছেন। আমরা আইনি পরামর্শ নিচ্ছি। কারণ, মুখ ঢাকা দিয়ে কারা এসেছিলেন, আমাদের জানতে হবে। সেদিন ওই জিনিস বোঝাই পিকআপ ভ্যান আমরা আটকে ছিলাম, কারণ ওখানে তো কলেজের সম্পত্তিও ছিল। কী কী নিয়ে যাওয়া হল, সেসবের তালিকা তো আমাদের দেওয়া হয়নি।



