নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: উম-পুন, সেবাশ্রয় সহ একাধিক বিষয় নিয়ে লাগাতার অভিযোগ দায়ের হয়েছে ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবার সেই তালিকায় যুক্ত হল কোভিড টেস্টে প্রতারণা ও দুর্নীতির অভিযোগ। অভিযোগকারী সেই বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি)। এই লোকসভার সাতটি বিধানসভায় কোভিড মেগা টেস্ট ড্রাইভ এবং ডক্টরস অন হুইলসের নামে কোভিডকালে প্রতারণা, আশাকর্মীদের দিয়ে ভুয়ো কোভিড পরীক্ষা এবং ভুল ও মিথ্যে রিপোর্ট দিয়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া সহ মহামারী ছড়ানো, কোটি কোটি টাকার সরকারি অর্থের অপচয় করা হয়েছে। সেই নিয়ে ওই বিজেপি নেতা অভিযোগ দায়ের করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।



