নিজস্ব প্রতিনিধি, তমলুক: গভীর রাতে ষাঁড় চুরি করতে গিয়ে ভূপতিনগর থানার পুলিসের তাড়া খেয়ে গাড়ি ছেড়ে পালাল দুষ্কৃতীরা। দক্ষিণ ২৪পরগনা থেকে আসা ওই পণ্যবাহী গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিস। রাত ২টো নাগাদ ওই থানার বরোজ এলাকায় কয়েকজন ষাঁড় চুরির চেষ্টা করছিল বলে অভিযোগ। সেইসময় রাতে পুলিসের টহলদারি গাড়ি ধাওয়া করে। দুষ্কৃতীরা গাড়িতে চড়ে পালানোর চেষ্টা করে। প্রায় ১০কিলোমিটার ধাওয়া করার পর দুষ্কৃতীরা এগরা সীমানা লাগোয়া একটি ছোট রাস্তায় ঢুকে পড়ে। সেখানে গাড়ি ছেড়ে দুষ্কৃতীরা চম্পট দেয়। এর আগেও একাধিকবার চণ্ডীপুর ও ভূপতিনগরে ষাঁড় চুরির ঘটনায় পুলিস অভিযান চালিয়েছে। বাঁকুড়ার বিষ্ণুপুর থানার পুলিসও চণ্ডীপুরে এসে এরকম একটি চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল। ওই চক্রের এক পান্ডাকে গ্রেপ্তারও করা হয়েছিল।
জানা গিয়েছে, ওড়িশার বালেশ্বর জেলায় চন্দনেশ্বরে বিখ্যাত শিবমন্দিরে অনেক ভক্ত পুজো দিয়ে ষাঁড় ছেড়ে দেন। ওই এলাকা থেকে অনেক সময় ষাঁড় ঘুরতে ঘুরতে কাঁথি এবং এগরার বিভিন্ন এলাকায় চলে আসে। এজন্য পূর্ব মেদিনীপুরের ওই দুই মহকুমা এলাকায় ষাঁড়ের সংখ্যা বেশি। দক্ষিণ ২৪পরগনা থেকে দুষ্কৃতীরা রাতের অন্ধকারে গাড়ি এনে সেইসব ষাঁড় চুরি করে। চণ্ডীপুরে পশুহাটে ওইসব ষাঁড় বিক্রি করে দেওয়া হয়। এই দুষ্কৃতীরা অত্যন্ত হিংস্র। রাতের অন্ধকারে কোনও বাধা পেলে বেপরোয়া হয়ে ওঠে। মাস ছ’য়েক আগে ভূপতিনগর থানার ব্যাঙ্কমোড়ে রাতে ষাঁড় চুরি করে গাড়িতে তোলার সময় এক অ্যাম্বুলেন্স ড্রাইভার দেখতে পান। তিনি গাড়ি থামিয়ে বাধা দিলে দুষ্কৃতীরা ছুরি দিয়ে আঘাত করে চম্পট দেয়।
গত ২৩ফেব্রুয়ারি সাতটি ষাঁড় তুলে একদল দুষ্কৃতী চণ্ডীপুরের দিকে পালানোর সময় পুলিসের তাড়া খেয়ে বাজকুল সংলগ্ন বাজাবেড়িয়ায় গাড়ি ছেড়ে পালিয়ে যায়। গাড়িতে থাকা সাতটি ষাঁড়ের মধ্যে একটি মারা যায়। বাকিগুলি গাড়ি থেকে উদ্ধার করে ছেড়ে দেওয়া হয়। তার ১৫দিনের মধ্যে ষাঁড় চুরির গ্যাংয়ের ওই গাড়ি দু’বার চণ্ডীপুর ও নন্দকুমার থানার পুলিসের টহলরত গাড়িকে ফাঁকি দিয়ে চম্পট দিয়েছে। মার্চ মাসের প্রথম সপ্তাহে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার পুলিসের একটি টিম চণ্ডীপুরে অভিযান চালিয়ে ওই গ্যাংয়ের এক পান্ডাকে পাকড়াও করে।শনিবার রাতে ফের দক্ষিণ ২৪পরগনা থেকে একটি দুষ্কৃতী দল গাড়ি নিয়ে ষাঁড় চুরি করতে ভূপতিনগর থানার বরোজে পৌঁছে গিয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিস হানা দেয়। সেইসময় পুলিসের গাড়ি দেখে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। পাঁউশির কাছে রাস্তার উপর গাছের গুঁড়ি ফেলে পুলিস গাড়িটি আটকানোর চেষ্টা করে। সেই গুঁড়ি টপকে দুষ্কৃতীদের গাড়ি বেরিয়ে যায়। প্রায় ১০কিলোমিটার ধাওয়া করা হয়। শেষমেশ এগরা সীমানা লাগোয়া এলাকায় গাড়ি ছেড়ে দুষ্কৃতীরা গা-ঢাকা দেয়। গোরু ও ষাঁড় চুরির ঘটনায় দক্ষিণ ২৪পরগনা থেকে বারবার দুষ্কৃতীরা পূর্ব মেদিনীপুরের কাঁথি, ভগবানপুর, ভূপতিনগর ও চণ্ডীপুরে হানা দিচ্ছে। গভীর রাতে গবাদি পশু ও ষাঁড় চুরি করে গাড়িতে তুলে পালাচ্ছে। ভূপতিনগর থানার ওসি শেখ মহম্মদ মহিউদ্দিন বলেন, আমরা একটি গাড়ি বাজেয়াপ্ত করেছি। গবাদি পশু চুরি করতে এসে দুষ্কৃতীরা গাড়ি ছেড়ে পালিয়েছে।