নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ওড়িশা থেকে বাইকে করে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার হল এক যুবক। ঝাড়গ্রাম থানার কলাবনীর জঙ্গলে ক্যানেল পাড় দিয়ে বস্তায় ভরে গাঁজা পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে। পাচারকারীদের গন্তব্য ছিল গোয়ালতোড়। পুলিশের অভিযানে ওই যুবকের কাছে প্রায় ১২ কেজি ৬০০ গ্রাম গাঁজা বাজেয়াপ্ত হয়েছে। ধৃতের নাম সত্যজিৎ বিশ্বাস। তাঁর বাড়ি গোয়ালতোড় এলাকায়। এই ঘটনায় জড়িত অপর এক সঙ্গী পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে খবর। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওড়িশা থেকে বাইকে করে বস্তার মধ্যে গাঁজা নিয়ে গোয়ালতোড়ের দিকে যাচ্ছিল দুই যুবক। গোপন সূত্রে খবর পেয়ে কলাবনীর জঙ্গলে ক্যানেল পাড় এলাকায় অভিযান চালায় পুলিশ। সেই অভিযানে সত্যজিৎ বিশ্বাসকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। পলাতক সঙ্গীর সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।
পুলিশের এই অভিযানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের এসডিপিও ঋষভ রাজ দেব, ঝাড়গ্রাম থানার আইসি উদয়শঙ্কর ঘোষ এবং ব্লক প্রশাসনের আধিকারিকরা। উদ্ধার হওয়া গাঁজা কোথা থেকে আনা হয়েছিল এবং পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।



