নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বিজেপির তরফে ইটাপাড়া কোলিয়ারিতে ডেপুটেশন দেওয়া ঘিরে বারাবনি থানার আমডিহা মোড় উত্তপ্ত হয়ে উঠল। বৃহস্পতিবার দুপুরে আসানসোল-রুনাকুড়াঘাট রাজ্য সড়ক ধরে বিজেপির মিছিল আসতে শুরু করে। পুলিস মাঝরাস্তায় ব্যারিকেড করে মিছিল আটকাতেই উত্তেজনা দেখা দেয়। বিজেপি কর্মীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলে পুলিসের সঙ্গে তাদের প্রবল ধস্তাধস্তি হয়। পুলিস মৃদু লাঠিচার্জও করে। রাজ্য সড়কে এঘটনার জেরে যান চলাচল বন্ধ হয়ে যায়। গরমে রাস্তার উপর বাসে, গাড়িতে বসে দরদর করে ঘামতে থাকেন মানুষ। এদিন বিজেপির কর্মসূচির জেরে তাঁরা দফায় দফায় ভোগান্তির শিকার হন। আসানসোল দুর্গাপুর পুলিস কমিশনারেটের এসিপি ইপ্সিতা দত্ত বলেন, আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। কিছুদিন আগে ইটাপাড়াতেই ডেপুটেশন কর্মসূচি ঘিরে বিজেপি ও তৃণমূল কর্মীরা রাজ্য সড়কের উপর মারমুখী হয়ে উঠেছিল। পুলিস কোনওরকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিন তাই ব্যাপক সংখ্যায় পুলিস উপস্থিত ছিল। শাসকদলের নেতাকর্মীদের আশপাশে ঘেঁষতে দেওয়া হয়নি। বিজেপির মিছিল আইন ভেঙে বিনা অনুমতিতে কোলিয়ারির দিকে যেতে গেলেই পুলিস বাধা দেয়। পুলিসের সঙ্গে ধস্তাধস্তি সত্ত্বেও কোলিয়ারির দিকে এগোনো সম্ভব না হওয়ায় অবশেষে বিজেপির মিছিল ওই রাস্তার লালগঞ্জ মোড়ে ফিরে যায়। সেখানে ওই কোলিয়ারির অফিসে স্মারকলিপি দেওয়া হয়। সেখানেও বিজেপি নেতাদের গাড়ির কারণে যানজট হয়।বিজেপির কর্মসূচির জন্য এদিন ওই সড়কের পাশে নুনি মোড়েও যানজট দেখা দিয়েছিল। সেখানে বিজেপি কর্মীদের খাওয়াদাওয়ার ব্যবস্থা ছিল। রাস্তার দু’পাশে সার বেঁধে বিজেপি নেতাদের গাড়ি দাঁড়িয়ে থাকায় যানজট দেখা দেয়। আন্দোলনের জেরে রাস্তায় আটকে পড়েছিলেন মিতালি পাল, দীপঙ্কর রায় সহ অন্যরা। তাঁরা বলেন, এই আন্দোলনের জন্য গরমে আমাদের ভোগান্তি হচ্ছে। বিজেপির এভাবে রাস্তা আটকে মানুষের সমস্যা বাড়ানো উচিত নয়।



