সংবাদদাতা, উলুবেড়িয়া: পারিবারিক জমি বিবাদকে কেন্দ্র ঝামেলার সূত্রপাত। সেই ঝামেলা মেটাতে গিয়ে পুলিশকেই হেনস্তার শিকার হতে হল বলে অভিযোগ। পুলিশের সঙ্গে দুর্ব্যবহার এবং তাদের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে পরিবারের কয়েকজন সদস্যর বিরুদ্ধে। শুক্রবার বিকেলে শ্যামপুর থানার শশাটির মুকুন্দপুরে এই ঘটনা ঘটে। শ্যামপুর থানার পুলিশ অশোক সামন্ত, সঞ্জয় সামন্ত, বিশ্বনাথ সামন্ত এবং সুরজিৎ প্রামাণিক নামে চারজনকে গ্রেফতার করেছে।
ধৃতদের বিরুদ্ধে পুলিশ ১৮৯ (২), ১৯০, ১২১(১), ১২১(২), ১৩২, ২২১ এবং ৩৫২ ধারায় মামলা রুজু করেছে। ধৃতদের শনিবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুকুন্দপুরের বাসিন্দা রমেশ সামন্তর ছেলেদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক জমি নিয়ে বিবাদ চলছিল। শুক্রবার সকালে সেই জমি দিয়ে বিদ্যুতের তার নিয়ে যাওয়া নিয়ে পুনরায় নিজেদের মধ্যে ঝামেলা বাধে। সূত্রের খবর, বিদ্যুৎ দপ্তরের কর্মীরা দু’পক্ষকে বোঝানোর চেষ্টা করলেও ঝামেলা মেটেনি। খবর পেয়ে শ্যামপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। তখন পুলিশের সঙ্গেও তাঁরা দুর্ব্যবহার ও হেনস্তা করেন বলে অভিযোগ। এরপরেই পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাঁদের গ্রেফতার করা হয়।