সংবাদদাতা, লালবাগ: অবৈধভাবে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের পর ফের ওপারে ফিরে যাওয়ার আগেই সাত বাংলাদেশিকে আটক করল লালগোলা থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে লালগোলা থানার বয়রা মিরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। সকলেই বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলার চরগয়েশপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। অন্যদিকে, ওইদিন রাতে ভগবানগোলা স্টেশন সংলগ্ন এলাকা থেকে পুলিশ এক বাংলাদেশিকে আটক করে। ওই বাংলাদেশির বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগারী থানা এলাকায় বলে জানা গিয়েছে। ভগবানগোলার এসডিপিও বিমান হালদার বলেন, দুই থানা এলাকা থেকে আটক আট বাংলাদেশিকে লালগোলার পদ্মাভবন হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।
লালগোলা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাপাইনবাবগঞ্জ জেলার চরগয়েশপুরের বাসিন্দা আটক সাত বাংলাদেশি মাস ছয়েক আগে লালগোলার সীমান্ত দিয়ে অবৈধভাবে এদেশে প্রবেশ করে। পরবর্তীতে দক্ষিণ ভারতে নির্মাণ শ্রমিকের কাজে চলে যায়। ওখানেই এতদিন কাজ করছিল। সম্প্রতি তারা লালগোলায় ফিরে গা-ঢাকা দিয়ে ছিল। বৃহস্পতিবার রাতে বয়রা মিরপুর দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য একটি মাঠে জড়ো হয়েছিল। স্থানীয় সোর্স মারফত বিষয়টি জানতে পেরে লালগোলা থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, কাজের জন্য অবৈধভাবে সীমান্ত পেরিয়ে লালগোলায় আসে। তারপর দক্ষিণ ভারতে চলে যায়। অন্যদিকে, বৃহস্পতিবার রাতে ভগবানগোলা স্টেশন সংলগ্ন এলাকায় এক অপরিচিত যুবককে ঘুরে বেড়াতে দেখে স্থানীয়রা ভগবানগোলা থানায় খবর দেন। পুলিশ এসে ওই যুবককে থানায় নিয়ে গিয়ে যায়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানা যায় মাস তিনেক আগে সে চর লবণগোলা সীমান্ত দিয়ে এদেশে অনুপ্রবেশ করেছিল।