কাটোয়ায় তালিকায় নাম বাদ যাওয়া ভোটারদের তথ্য যাচাই করতে বাড়ি বাড়ি যাচ্ছে পুলিশ
  • ২৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাটোয়া: কাটোয়া মহকুমায় ভোটার তালিকায় নাম বাদ যাওয়া ভোটারদের তথ্য যাচাই করতে নামল পুলিশ। মূলত এসআইআর প্রক্রিয়ায় আ্যডজুডিকেশন তকমা পাওয়া ভোটারদের অনেকেই জুডিশিয়াল ট্রাইবুনালে আবেদন করেছেন। এবার ওই আবেদনকারীদের তথ্য যাচাই করতে বাড়ি বাড়ি যাচ্ছে পুলিশ। যাঁরা আবেদন জানাননি তাঁদের বাড়িও যাবেন পুলিশ কর্মীরা। কাটোয়া মহকুমা জুড়ে প্রতিটি থানা এলাকায় এমন কাজ শুরু করেছে পুলিশ। আবেদনকারীর দেওয়া তথ্য সরেজমিনে পরীক্ষা করে দেখা হচ্ছে। 

Advertisement

এ নিয়ে কাটোয়া মহকুমার এক পুলিশ অফিসার জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের দেওয়া নির্দেশের পরেই আমরা তালিকা থেকে বাদ পড়া ভোটারদের বাড়িতে যাচ্ছি। সেখানে তাঁদের তথ্য যাচাই করা হচ্ছে। ভোটার তালিকা থেকে কেন নাম বাদ গিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। জুডিশিয়াল ট্রাইবুনালে যে তথ্য জমা পড়েছে সেই তথ্য সঠিক কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বিচারপতিরা জুডিশিয়ালে দেওয়া তথ্য সঠিক কিনা তা দেখবেন। পাশাপাশি রাজ্য সরকারও পুলিশদের দিয়ে তথ্য যাচাই এর কাজটা করাচ্ছে। 
চলতি বছরের ৪ মার্চ নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী,  কাটোয়া বিধানসভাতে ২২ হাজার ৫০৯ জন ভোটারকে আ্যডজুডিকেশনে রাখা হয়েছিল। কেতুগ্রামে সংখ্যাটা ৪০ হাজার ৬৯৮ জন ও মঙ্গলকোটে ৩১ হাজার ৯৭৪ জন বিচারাধীনের তালিকায় ছিলেন। তাঁরা গত বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। এদের মধ্যে আবার অনেকেই জুডিশিয়ালে গিয়ে ভোটাধিকার ফিরে পেয়েছেন। তবে বেশিরভাগ জনেরই ভাগ্য এখনও ট্রাইবুনালে ঝুলে রয়েছে। সেইসব আবেদনকারীদের বাড়ি বাড়ি যাচ্ছেন পুলিশ কর্মীরা। মূলত ট্রাইবুনালে আবেদনকারীর ঠিকানা, পরিচয় যাচাই করা হচ্ছে। স্থায়ী ঠিকানা ও নথিপত্র গুলি আসল কিনা তা সরেজমিনে খতিয়ে দেখা হচ্ছে। কাটোয়া, মঙ্গলকোট, পূর্বস্থলী এসব থানা এলাকায় কাজ শুরু হয়ে গিয়েছে। 
ইতিমধ্যেই  মঙ্গলকোটের পালিগ্রাম, লাখুরিয়া এসব এলাকায় তথ্য যাচাই এর কাজ শুরু করেছেন পুলিশ কর্মীরা। পালিগ্রামের বাসিন্দা মরিয়ম বিবি বলেন, আমার স্বামী সহ পরিবারের সবার নাম রয়েছে ভোটার তালিকায়। কিন্তু আমার নাম নেই। ট্রাইবুনালে আবেদন করেছি। এবার আমাদের গ্রামে পুলিশ এসে বাড়ি বাড়ি ট্রাইবুনালে দেওয়া তথ্য সত্যি কিনা তা যাচাই করছেন। 
মঙ্গলকোটের এক পুলিশ অফিসার বলেন, ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে আমরা সেইসব ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছি।