নাম বাদ যাওয়া ভোটারের  নথি সংগ্রহ করছে পুলিশ! জানেনই না জেলাশাসক
  • ২৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: এসআইআরে ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের বাড়ি বাড়ি যাচ্ছে পুলিশ! কোথাও থানার আধিকারিকরা চেয়ার-টেবিল পেতে বসে সংগ্রহ করছেন তাঁদের নথি। কোথাও আবার তাঁদের বাড়িতে গিয়ে চাওয়া হচ্ছে আগের ভোটার পরিচয়পত্র ও বিভিন্ন পারিবারিক তথ্য। অথচ রাজ্যে এসআইআরের কাজ আপাতত বন্ধ। নির্বাচন কমিশনের এমন কোনো নির্দেশের কথা জানেন না জেলা মুখ্য নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক। তাহলে পুলিশকে দিয়ে এভাবে নথি সংগ্রহের নির্দেশ কে দিল? এই প্রশ্নে তৈরি হয়েছে তীব্র বিতর্ক।

Advertisement

বুধবার জগাছা থানার উনসানি এলাকায় এমন ঘটনা সামনে আসতেই আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে। তালিকা মিলিয়ে নাম বাদ পড়া ভোটারদের খুঁজে তাঁদের নথি সংগ্রহ করছিলেন থানার সাব-ইনসপেক্টর আব্দুল কাদের মোল্লা। তাঁর বক্তব্য, ‘আগের দিন থানায় নির্দেশ এসেছে। সেই নির্দেশ মেনেই কাজ চলছে।’ সূত্রের খবর, একইভাবে সাঁতরাগাছি ও বাগনান এলাকায়ও নথি সংগ্রহে নেমেছে পুলিশ। নথি নেওয়া হলেও কোনো রিসিট দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। বিতর্ক ছড়াতেই উনসানিতে নথি সংগ্রহের কাজ বন্ধও হয়ে যায়। কিন্তু প্রশ্ন উঠছে, নির্বাচন কমিশনের অধীনে থাকা বিএলওদের কাজ পুলিশকে দিয়ে করানো হচ্ছে কেন? স্থানীয়দের একাংশের দাবি, ২০২৬ সালে ভোট দেওয়ার পরেও অনেকের নাম বাতিল হয়ে গিয়েছে। নতুন করে ভোটার কার্ড, আধার, প্যান, ব্যাংকের পাসবুক সহ পরিবারের যাবতীয় তথ্য চাওয়ায় তাঁরা আতঙ্কিত। নথি জমা দেওয়ার কোনো রিসিট না মেলায় অনেকে নথি দিতেও চাইছেন না। ফলে গোটা প্রক্রিয়া ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা । 
জেলাশাসকের দপ্তর থেকে জানানো হয়েছে, এসআইআর সংক্রান্ত নথি সংগ্রহে নির্বাচন কমিশনের কোনো নির্দেশ আসেনি। সারা বছরই অনলাইনে ভোটার তালিকা সংশোধনের কাজ চলে। পুলিশের এই পদক্ষেপের ব্যাখ্যা পুলিশই দিতে পারবে। অন্যদিকে, হাওড়া সিটি পুলিশের এক পদস্থ কর্তার দাবি, জেলা প্রশাসনের তরফে নির্দেশ এসেছে বলেই নথি সংগ্রহ করা হচ্ছে। এই টানাপোড়েনের মধ্যে বিষয়টি নিয়ে সরব হয়েছে সিপিএম। দলের জেলা কমিটির সদস্য সুমিত্র অধিকারীর অভিযোগ, ‘আদালতের নির্দেশে এসআইআরের যাবতীয় কাজ বন্ধ রয়েছে। তাছাড়া, পুলিশ কেন বিএলওদের কাজ করবে? এটা সম্পূর্ণ বেআইনি। ইতিমধ্যে এ বিষয়ে জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি আমরা।’