Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অস্থায়ী বাজার উচ্ছেদ অভিযানে পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ

অস্থায়ী বাজার উচ্ছেদ অভিযানে পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ
  • ৯ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া ও সংবাদদাতা, তারকেশ্বর: ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে বেআইনিভাবে বসছে বাজার। তার উপর গাড়ি-বাইক পার্কিংয়ের কারণে যানজট নিত্যদিনের সঙ্গী। এই অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে বুধবার পুলিশকে সঙ্গে নিয়ে রানিহাটি মোড়ে অভিযান চালায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এদিন প্রায় ১০০টির কাছাকাছি অস্থায়ী দোকান ভেঙে দেওয়া হয়। উচ্ছেদ অভিযান দেখে বাকি দোকানিরা অবশ্য নিজে থেকেই দোকান সরাতে শুরু করেন।

Advertisement

কলকাতা-কোলাঘাট ১৬ নম্বর জাতীয় সড়কের রানিহাটির মোড়ে আমতাগামী রাজ্য সড়ক এসে মিশেছে। দিনের ব্যস্ত সময়ে ট্রাফিক সচল রাখতে কিছুক্ষণ অন্তর রাজ্য সড়কে যান চলাচল বন্ধ রাখতে হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোলাঘাটগামী লেনে দীর্ঘদিন ধরে শতাধিক দোকানপাট বসতে বসতে বাজারের আকার নিয়েছে, তা যানজটের পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও বাড়িয়ে তুলেছে। হাটের দিনে দোকানগুলিতে ভিড় হলে পুলিশের পক্ষে ট্রাফিক সামলানো কঠিন হয়ে পড়ে। 
জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে, রানিহাটির মোড়ে যানজট কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এখানে আন্ডারপাস তৈরির পরিকল্পনা থাকলেও পর্যাপ্ত জায়গার অভাবে তা সম্ভব হয়নি। হাওড়া সিটি পুলিশের (ট্রাফিক) এক কর্তা বলেন, ‘এখানে নিত্যদিন গাড়ি চলাচলের সমস্যা হচ্ছে। তাই বিষয়টি জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জানানো হয়েছিল।’
এদিকে, ডানকুনিতে রেলের জায়গা দখলকারীদের উচ্ছেদের নোটিশ দিয়েছে রেল। বৃহস্পতিবার থেকে পুনর্বাসনের দাবিতে ধর্না কর্মসূচির ঘোষণা করেছে তৃণমূল। বুধবার ১৫ নম্বর ওয়ার্ডের নোটিশ পাওয়া বস্তিবাসীদের নিয়ে আলোচনা করেন তৃণমূল বিধায়ক স্বাতী খন্দকার। গত ৩ অক্টোবর প্রায় একশোটি পরিবারকে উচ্ছেদের নোটিশ ধরায় রেল। আগামী ১৫ অক্টোবরের মধ্যে জায়গা খালি করা নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ১৬ তারিখ থেকে উচ্ছেদ অভিযান চালাবে রেল। বর্তমানে অসহায় পরিবারগুলি কোথায় যাবে তা নিয়ে দুশ্চিন্তায় প্রায় একশোটি পরিবারের তিন থেকে চারশো মানুষ।  -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ