Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুলিস ও সরকারি আইনজীবীর চুরির ল্যাপটপ উদ্ধার বাঁকুড়ায়

বানজারা গ্যাংয়ের ধৃত দুই সদস্যকে জেরা করে অতিরিক্ত পুলিস সুপারের আপ্ত সহায়ক ও সরকারি আইনজীবীর চুরি যাওয়া ল্যাপটপ বাঁকুড়া সদর থানা উদ্ধার করেছে।

পুলিস ও সরকারি আইনজীবীর চুরির ল্যাপটপ উদ্ধার বাঁকুড়ায়
  • ২৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বানজারা গ্যাংয়ের ধৃত দুই সদস্যকে জেরা করে অতিরিক্ত পুলিস সুপারের আপ্ত সহায়ক ও সরকারি আইনজীবীর চুরি যাওয়া ল্যাপটপ বাঁকুড়া সদর থানা উদ্ধার করেছে। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার চন্দ্রকোণা রোড এলাকা থেকে ল্যাপটপ দুটি শনিবার রাতে উদ্ধার হয়। বাঁকুড়ার অতিরিক্ত পুলিস সুপার(সদর) সিদ্ধার্থ দোর্জি বলেন, চুরির পর ল্যাপটপগুলি চন্দ্রকোণা রোডের এক ব্যক্তিকে গ্যাংয়ের সদস্যরা বিক্রি করে দিয়েছিল। সেখানে সদর থানার একটি দল তল্লাশি চালিয়ে ল্যাপটপ দুটি উদ্ধার করে। উল্লেখ্য, গত ৪ ও ৬ মার্চ বাঁকুড়া শহরের জুনবেদিয়া মোড় ও স্কুলডাঙ্গা এলাকা থেকে পুলিসকর্মী ও আইনজীবীর বাড়ি ও অফিস চেম্বার থেকে ল্যাপটপ চুরি যায়। অসতর্কতাবশত বাড়ির দরজা খোলা রেখে তাঁরা অন্যত্র গিয়েছিলেন। সেই সুযোগে বানজারা গ্যাংয়ের সদস্য দুই যুবতী ল্যাপটপ দুটি চুরি করে চম্পট দেয়। সরকারি আইনজীবীর অফিস চেম্বার সংলগ্ন এলাকায় থাকা সিসি ক্যামেরায় ওই দুই যুবতীর আনাগোনার ছবি ধরা পড়ে। তা দেখে দু’জনকে পুলিস চিহ্নিত করে। এদিকে, চন্দ্রকোণা রোডের বানজারা বস্তির বাসিন্দা ওই দুই যুবতী ফের গত ১৮ মার্চ বাঁকুড়া শহরে ‘অপারেশন’ চালাতে আসে। ওইদিন পুলিস তাদের গ্রেপ্তার করে। ধৃতদের জেরা করে পুলিস চুরির কিনারা করে।   বাঁকুড়ার সাইবার অপরাধ সংক্রান্ত মামলার সরকারি আইনজীবী সায়ন্তন চৌধুরী বলেন, পুলিস দ্রুততার সঙ্গে আমার ল্যাপটপ উদ্ধার করেছে। সদর থানার ভূমিকায় আমরা খুশি। আইনি প্রক্রিয়া মেনে পুলিস আমাকে ল্যাপটপ হস্তান্তর করবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ