Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পাঞ্জিপাড়ায় ওষুধের গোডাউন থেকে ২০ লক্ষ টাকার মাদক সামগ্রী উদ্ধার

পাঞ্জিপাড়ায় ওষুধের গোডাউন থেকে ২০ লক্ষ টাকার মাদক সামগ্রী উদ্ধার
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইসলামপুর: পাঞ্জিপাড়াকে করিডর করেই কি বিহার ও বাংলাদেশে পাচার হচ্ছে কাফ সিরাপ, নেশার ইঞ্জেকশন ও ট্যাবলেট অর্থাৎ এনডিপিএস (মাদক) সামগ্রী? এখন এই প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে ইসলামপুর পুলিস জেলা। রবিবার দুপুর থেকে রাত পর্যন্ত গেয়ালপোখর থানার পাঞ্জিপাড়ায় একাধিক ওষুধের দোকানের গোডাউনে অভিযান চালায় পুলিস। অভিযানে প্রচুর পরিমাণ অবৈধ এনডিপিএস সামগ্রী উদ্ধার হয়েছে। একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃত নুর ইসলাম পাঞ্জিপাড়ার বাসিন্দা। 
Advertisement
সোমবার বিকেলে ইসলামপুরের অতিরিক্ত পুলিস সুপার ডেন্ডুপ শেরপা সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানান। তিনি বলেন, পাঞ্জিপাড়ায় চারটি জায়গায় অভিযান চালিয়ে ১১৪৪ বোতল কাফ সিরাপ, ৭২৯৪টি ইঞ্জেকশন এবং ৪৭ হাজার ৭০০টি ট্যাবলেট উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর বাজার মূল্য ২০ লক্ষ টাকা। দু’জনের নামে এফআইআর করা হয়েছে। এর মধ্যে নুর ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে ও পারভেজ রেজা নামের আরেক অভিযুক্ত পলাতক। তার খোঁজ চলছে। কী উদ্দেশ্যে এগুলি মজুত করা হয়েছিল? এগুলি কি বিহার কিংবা বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল? এই প্রসঙ্গে অতিরিক্ত পুলিস সুপার বলেন, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঞ্জিপাড়ার পূর্ব দিকে বিহার সীমানা, পশ্চিম দিকে বাংলাদেশের সীমান্ত। 
বিহারের কিষানগঞ্জের একটি চক্র পাঞ্জিপাড়া ও গোয়ালপোখর হয়ে বাংলাদেশে কাফ সিরাপ পাচার করে বলে অভিযোগ। পাশাপাশি বিহারে মদ বিক্রি বন্ধ হওয়ার পর নেশার সামগ্রীর চাহিদা বৃদ্ধি পেয়েছে। এই সুযোগে পাঞ্জিপাড়ায় একাংশ ব্যবসায়ী ওষুধের ব্যবসার আড়ালে বেআইনিভাবে এনডিপিএস আইনের আওতায় থাকা সামগ্রী মজুত করছে। ওই অসাধু ব্যবসায়ীদের সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্র কিংবা বিহারের পাচার চক্রের যুক্ত থাকতে পারে বলেও অনুমান পুলিসের।
সম্পর্কিত সংবাদ