Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়িতে চোলাই তৈরির অভিযোগ

পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়িতে চোলাই তৈরির অভিযোগ
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: এলাকাকে চোলাই মুক্ত করতে পথে নামলেন নলহাটির কোগ্রামের বাসিন্দাদের একাংশ। মঙ্গলবার তাঁরা একজোট হয়ে নলহাটি আবগারি দপ্তর ও নলহাটি থানায় এসে গণস্বাক্ষর করা অভিযোগ জমা দেন। নেতৃত্ব দিলেন গ্রামের পঞ্চায়েত সদস্যা তৃণমূলের শ্যামলী সাহুর স্বামী কৃপাসিন্ধু সাহু। তাঁর অভিযোগ, বিভিন্ন জনের পাশাপাশি গ্রামের পঞ্চায়েত সমিতির সদস্য সদ্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসা সুভাষ রবিদাসের বাড়িতেই অবৈধ চোলাই তৈরি করা হচ্ছে। যদিও অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে দাবি করে সুভাষবাবু বলেন, আমার বাড়িতে কোনওদিনই চোলাই তৈরি হয়নি। যারা তৈরি করত, উদ্যোগ নিয়ে অনেক আগেই সেগুলি বন্ধ করা হয়েছে। ওই গ্রামে যে চোলাই বন্ধ হয়নি, তা অবশ্য স্বীকার করে নলহাটি আবগারি দপ্তরের ওসি দীপায়ন সিনহা বলেন, অক্টোবরে মাসের শেষের দিকে ওই গ্রামে পরপর কয়েকদিন অভিযান চালানো হয়েছিল। ওই পঞ্চায়েত সমিতির সদস্যর বাড়ি থেকেও চোলাই উদ্ধার হয়েছিল। এদিন থেকেই ওই গ্রামে ধারাবাহিক অভিযান চালানো হবে।  
Advertisement
নলহাটির কয়থা ২ গ্রাম পঞ্চায়েত অধীন কোগ্রাম। একটা সময় এই গ্রামে চোলাই মদের ব্যাপক রমরমা ছিল। আবগারি দপ্তরের লাগাতার অভিযানের পর সেই প্রবণতা অনেকটাই কমেছে। যদিও অভিযোগ, এখনও ১৫টির বেশি বাড়িতে চোলাই তৈরি করে বিক্রি হচ্ছে। আশপাশের ১০-১২টি গ্রাম থেকে লোক এখানে মদ খেতে আসছে। গ্রামের যুব সমাজও নেশায় আসক্ত হচ্ছে। গ্রামের মহিলাদের অশ্রাব্য ভাষায় গালাগাল করছে। সন্ধ্যার পরে জরুরি প্রয়োজনেও মহিলারা বাড়ি থেকে বেরতে ভয় পাচ্ছেন। এরই প্রতিবাদে এদিন গ্রামবাসীদের একাংশ একজোট হয়ে নলহাটি আবগারি দপ্তর ও থানায় লিখিত অভিযোগ জমা করেন। 
কৃপাসিন্ধু বলেন, চোলাইয়ের রমরমার জন্য নানারকম অশান্তি হচ্ছে। অথচ গ্রামের পঞ্চায়েত সমিতির সদস্য সুভাষ রবিদাসের বাড়িতে চোলাই তৈরি করে বিক্রি করছেন। আমরা চাইছি গ্রাম হোক চোলাই মুক্ত। গ্রামবাসীরা বলেন, মাস খানেক আগে গ্রামে দুই মাতালের মধ্যে মারামারি হয়। একজনের মাথা মেরে ফাটিয়ে দেওয়া হয়। সেই সময় পঞ্চায়েত সমিতির সদস্যকে পুলিস বলেছিল, তাঁর বাড়িতে চোলাই মদ তৈরি করে আর যাতে বিক্রি করা না হয়। তিনি তা বন্ধ করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। 
সম্পর্কিত সংবাদ