Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পঞ্চায়েতে পড়ে থাকা উন্নয়নের টাকা খরচের নির্দেশ প্রশাসনের

পঞ্চায়েতে পড়ে থাকা উন্নয়নের টাকা খরচের নির্দেশ প্রশাসনের
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: পঞ্চায়েত স্তরে উন্নয়ন নিয়ে শুক্রবার কালনা-১ ব্লকে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে পঞ্চায়েতে পড়ে থাকা উন্নয়নের জন্য আসা টাকা দ্রুত খরচ করার নির্দেশ দিয়েছে প্রশাসন। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, এডিএম (উন্নয়ন) প্রসেনজিৎ দাস, এডিএম(জেলা পরিষদ) শুভলক্ষ্মী বসু, মহকুমা শাসক শুভম আগরওয়াল প্রমুখ। এছাড়াও কৃষি থেকে স্বাস্থ্য, পিএইচই, শিক্ষা প্রভৃতি দপ্তরের আধিকারিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিনের সভায় আধিকারিকরা পঞ্চায়েতস্তরে উন্নয়ন খাতে টাকা খরচ করার নিরিখে ভালো পঞ্চায়েতগুলির প্রশংসা করেন। তেমনই উন্নয়নের লক্ষ লক্ষ টাকা পড়ে থাকায় কয়েকটি পঞ্চায়েতের সমালোচনা করতেও ছাড়েননি। পঞ্চায়েত প্রধান, উপ প্রধান ও পঞ্চায়েত সমিতির সদস্যদের উন্নয়নের কাজে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন। বৈঠকে জানানো হয়, ব্লকে এখনও পর্যন্ত তিন কোটি ২২ লক্ষ টাকা পড়ে আছে। এডিএম (জেলা পরিষদ) শুভলক্ষ্মী বসু ডিসেম্বরের মধ্যেই দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন। মহকুমার অন্য ব্লকগুলিকেও এই সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে।
Advertisement
কালনা-১ ব্লকে ৯টি পঞ্চায়েত রয়েছে। ধাত্রীগ্রাম, নান্দাই, আটঘড়িয়া-সিমলন, কাঁকুড়িয়া, সুলতানপুর, বেগপুর, এই ছ’টি পঞ্চায়েত পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার অন্তর্গত। হাটকালনা, বাঘনাপাড়া ও কৃষ্ণদেবপুর তিনটি পঞ্চায়েত কালনা বিধানসভার অন্তর্গত। বৈঠকে উন্নয়ন খাতে খরচে ঘোষিত পরিসংখ্যান অনুসারে নান্দাই ও ধাত্রীগ্রাম কিছুটা এগিয়ে থাকলেও বেশ কয়েকটি পঞ্চায়েত যেমন কাঁকুড়িয়া, আটঘড়িয়া-সিমলন, সুলতানপুর, কৃষ্ণদেবপুর ও হাটকালনা অনেকটাই পিছিয়ে বলে আধিকারিকরা জানান। অনেক জনপ্রতিনিধি জলস্বপ্ন প্রকল্পে বাড়ি বাড়ি পাইপ লাইনে জল পরিষেবা দেওয়ার কাজে বেহাল হওয়া রাস্তার দশার কথা তুলে ধরেন। উপস্থিত পিএইচই আধিকারিক সকলের কাছে বেহাল রাস্তার তালিকা চান। সাতদিনের মধ্যে তা সংস্কার করা হবে বলে জানিয়ে দেন। 
এদিন পূর্বস্থলী-১ ব্লকেও উন্নয়ন নিয়েও একই রকম বৈঠক হয়। সেখানেও পঞ্চায়েতেস্তরে পড়ে থাকা অর্থ খরচের নির্দেশ দেওয়া হয়। 
স্বপনবাবু বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও উন্নয়নে কোনও খামতি রাখেননি। অথচ ব্লকের বিভিন্ন পঞ্চায়েতে উন্নয়নের বহু টাকা এখনও খরচ করা যায়নি। এদিন সকলকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। ব্লকের চারটি সুস্বাস্থ্য কেন্দ্রের জন্য প্রায় দু’কোটি টাকা এসেছে। সেই কাজটাও দ্রুত শেষ করা হবে। উন্নয়নের টাকা পড়ে থাকলে পরবর্তী উন্নয়ন খাতে টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। এদিন পূর্বস্থলী-১ ব্লকেও উন্নয়ন নিয়ে বৈঠক হয়। সেখানেও পঞ্চায়েতে পড়ে থাকা উন্নয়নের অর্থ খরচের নির্দেশ দেওয়া হয়।
সম্পর্কিত সংবাদ