সংবাদদাতা, কালনা: কালনার সাঁতারু পঞ্চসিন্ধু জয়ী সায়নী দাস পেতে চলেছেন তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড। চলতি মাসে ১৭ জানুয়ারি দিল্লির রাষ্ট্রপতি ভবনে তাঁর হাতে এই সম্মান তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার এই খবর পেয়ে খুশি সায়নী, তাঁর পরিবার ও শুভানুধ্যায়ীরা। সায়নী বলেন, জাতীয় সম্মানের মেল পেয়েছি। ভালো লাগছে। উল্লেখ্য, এর আগে রাজ্য সরকারের খেলশ্রী সম্মান পেয়েছেন সায়নী। সাঁতারে সায়নীর একের পর এক সাফল্য মোটেই সহজ ছিল না। পাড়ার পুকুর, কখনও গঙ্গায় ও সাধারণ সুইমিং পুলে রাতদিন কঠোর পরিশ্রম করেছেন। ২০১৭ সালে ইংলিশ চ্যানেল জয়ের পর ২০১৮ অস্ট্রেলিয়ার রটনেস্ট চ্যানেল জয় করেন। ২০১৯ আমেরিকার ক্যাটালিনা জয়। ২০২২ সালে এশিয়ার প্রথম মহিলা সাতারু হিসেবে আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জের মোলোকাই চ্যানেল জয় করে ভারতের পতাকা তুলে ধরেন আমেরিকার মাটিতে। ২০২৪ সালে মার্চে বিপদ সংকুল নিউজিল্যান্ডের কুক স্ট্রেট জয় করেন। একই বছরে সেপ্টেম্বর মাসে নর্থ চ্যানেল জয়। নানা আর্থিক প্রতিকূলতায় সায়নীর বাবা রাধেশ্যাম দাসকে বাড়ি বন্ধক রেখে ঋণ নিতে হয়েছে। তবুও মেয়ের স্বপ্নপূরণে পাশে থেকেছেন। সায়নীর মা রুপালি দাস একজন গৃহবধূ। মেয়ের ডায়েট চার্ট সামলে উৎসাহ দিয়েছেন, মেয়ের সঙ্গে পাড়ি দিয়েছেন বিদেশে। সায়নী রাজ্য সরকারের খেলশ্রী সম্মান পেলেও জাতীয় সম্মান অধরা ছিল। এবার সেই সম্মানও পেলেন।



