Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসারের কাজের মেয়াদ বাড়ল

পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসারের কাজের মেয়াদ বাড়ল
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসারের কাজের মেয়াদ ছয় মাস বৃদ্ধি করল উচ্চশিক্ষা দপ্তর। তিনি কাজে যোগ দিয়েছেন। ফিনান্স অফিসার তাপস মান্নার কাজের মেয়াদকাল সম্প্রতি শেষ হয়ে গিয়েছিল। এদিকে, বেশকিছু দিন ধরে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই। রেজিস্ট্রারের মেয়াদকালও গত ৯ ফেব্রুয়ারি শেষ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কার্যত অভিভাবকহীন হয়ে পড়েছিল। এদিন সন্ধ্যা পর্যন্ত রেজিস্ট্রার নিয়োগের কোনও খবর নেই। তবে এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ে ফিনান্স অফিসারের কাজের মেয়াদকাল বৃদ্ধি হওয়ায় কিছুটা হলেও স্বস্তির পরিবেশ ফিরেছে।
Advertisement
কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসার তাপস মান্না বলেন, উচ্চশিক্ষা দপ্তর থেকে আমার কাজের মেয়াদকাল ছয় মাস বৃদ্ধি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সদ্য প্রাক্তন দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার দিলীপ দেবনাথ বলেন, আমার কাজের মেয়াদকাল গত ৯ ফেব্রুয়ারি শেষ হয়েছে। নতুন করে রেজিস্ট্রারের দায়িত্ব কাউকে এখনও দেওয়া হয়নি।
পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির জেলা সভাপতি জ্যোতির্ময় ভৌমিক বলেন, বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসারের কাজের মেয়াদকাল ছয় মাসের জন্য বৃদ্ধি করেছে উচ্চশিক্ষা দপ্তর। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই, রেজিস্ট্রার নেই। ফিনান্স অফিসারের কাজের মেয়াদও শেষ হয়ে গিয়েছিল। এই পরিস্থিতিতে উচ্চশিক্ষা দপ্তর তাঁর কাজের মেয়াদকাল বৃদ্ধি করায় বিশেষ সুবিধা হল।
উল্লেখ্য, কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিখিলচন্দ্র রায় দায়িত্বভার গ্রহণের পর থেকে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ে জটিলতা যেন কাটছিলই না। রেজিস্ট্রার সাসপেন্ড, অস্থায়ী কর্মীদের লাগাতার অবস্থান-আন্দোলন সহ একাধিক জটিলতা দেখা দিয়েছিল। এরপর উপাচার্য নিজের কাজের জায়গায় ফিরে যান। দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার ও ফিনান্স অফিসারের কাজের মেয়াদও শেষ হয়ে গিয়েছিল।
Advertisement
সম্পর্কিত সংবাদ