সংবাদদাতা, মানবাজার: পুরুলিয়া নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে এবং ভারত সরকারের ক্রীড়া এবং যুবক কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যুব উৎসব অনুষ্ঠিত হল। বুধবার সকালে যুব উৎসব অনুষ্ঠিত হয় পুরুলিয়ার পুঞ্চা ব্লকের নপাড়া হাই স্কুলে। এদিন উৎসবে জেলার ছেলেমেয়েদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলার ঐতিহ্য ছৌ নাচ সহ সায়েন্স বিভাগ, অঙ্কন ফটোগ্রাফি সহ সাতটি বিষয়ে প্রতিযোগিতা হয়। অংশগ্রহণ করেন জেলার প্রায় ৪৩০ জন ছেলেমেয়ে। জানা গিয়েছে, জেলার যুবকদের উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে বলে জানায় নেহরু যুব কেন্দ্র পুরুলিয়া শাখার পক্ষ থেকে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অবিনাশ মাহাত, রাষ্ট্রপতি পুরষ্কারপ্রাপ্ত শিক্ষক অমিতাভ মিশ্র এবং নেহরু যুব কেন্দ্রের জেলা যুব আধিকারিক মাধুরী টপ্পো সহ অন্যান্যরা। এদিন প্রতিটি বিভাগের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মাধুরীদেবী জানান, জেলার যুবকদের মধ্যে যে প্রতিভা রয়েছে সেগুলো সামনে আনার জন্যই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অমিতাভবাবু বলেন, এখান থেকে যাঁরা সফল হবেন তাঁরা আগামী দিনে রাজ্য ও জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন।



