Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুঞ্চায় পুজোয় বেরিয়ে দুর্ঘটনা, মৃত কিশোরী

পুঞ্চায় পুজোয় বেরিয়ে দুর্ঘটনা, মৃত কিশোরী
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মানবাজার: সরস্বতী পুজোয় বন্ধুর সাথে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় এক কিশোরীর মৃত্যু হল। জখম হয়েছেন বাইকের চালক সহ আর এক যুবতী। সোমবার সকালে পুরুলিয়ার পুঞ্চা থানার ভাগাবাঁধ গ্রামের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পুলিস জানিয়েছে, মৃতার নাম সোনামণি সোরেন(১৭)। তার বাড়ি পুঞ্চা থানার লাখরা অঞ্চলের চিটাগড়া গ্রামে। জখম বাইক চালক লক্ষ্মণ সিং সর্দারের বাড়ি মানবাজার থানার তিরকাডি গ্রামে। অন্যজন পুঞ্চা থানার গাদাপাথর গ্রামের চিত্রা হেমব্রম।
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, একটি বাইকে চেপে ওই তিনজন সরস্বতী পুজো দেখতে বেরোয়। কারোর মাথায় হেলমেট ছিল না। ভাগাবাঁধ গ্রামের কাছে একটি ছোট মালবাহী চারচাকা গাড়ির সঙ্গে তাদের বাইকের সংঘর্ষ হয়। তিনজনই রাস্তার পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলে সোনামণি গুরুতর জখম হয়। বাইক চালকের হাত ভেঙে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুঞ্চা থানার পুলিস। দুর্ঘটনার পরেই বছর বাইশের বাইক চালক লক্ষ্মণ ভয়ে সেখান থেকে পালায়। পরে পুলিস তাদের উদ্ধার করে পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসক সোনামণিকে মৃত বলে ঘোষণা করে। পুলিস দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। পরে লক্ষ্মণ ও চিত্রাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় পুঞ্চা থানার পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। গাড়িটি আটক করেছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ