সংবাদদাতা, মানবাজার: বুধবার বিকেলে পুকুরের জলে তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার করল বিপর্যয় মোকাবিলা বাহিনী। বৃহস্পতিবার সকালে পুরুলিয়ার পুঞ্চা থানার রমাকুন্ধী গ্রামের একটি পুকুর থেকে দেহটি উদ্ধার হয়। পুলিস জানিয়েছে, মৃতের নাম দীপক সিং সর্দার(৪২)। তাঁর বাড়ি পুঞ্চা থানার চকিয়া গ্রামে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবক বুধবার বিকেলে রমাকুন্ধী গ্রামের ওই পুকুরের পাড় দিয়ে ফুটবল খেলা দেখতে যাচ্ছিলেন। কোনও কারণে তিনি পুকুরের জলে নামেন। তখনই তিনি তলিয়ে যান। স্থানীয়রা খোঁজাখুঁজি করেও সন্ধান না মেলায় পুলিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুঞ্চা থানার পুলিস। কিন্তু, যুবকের সন্ধান না পাওয়ায় খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। তারা ওইদিন বিকেলে পুকুরের জলে নেমে খোঁজ শুরু করে। কিন্তু বুধবার সন্ধ্যা পর্যন্ত কোনও দেহ উদ্ধার হয়নি। বৃহস্পতিবার সকালে আবার তল্লাশি শুরু হয়। এদিনই যুবকের দেহ উদ্ধার হয়। পুলিস দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিস।



