সংবাদদাতা, মানবাজার: ধান বিক্রির টাকা চুরির অভিযোগে এক লরিচালককে গ্রেপ্তার করল পুঞ্চা থানার পুলিস। ধৃত ভাদরি কর্মকার পুঞ্চা থানার ধাদকি গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তিনদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। পুলিস জানিয়েছে, বুধবার হুড়া থানার বড়গ্রামের ধান ব্যবসায়ী গণেশ মুদি ওই লরিচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। গণেশবাবু অভিযোগে জানান, গত ২৫ জানুয়ারি তাঁর ধানবোঝাই লরি বড়গ্রাম থেকে বর্ধমান নিয়ে গিয়েছিল ভাদরি। পরের দিন ধান বিক্রি করে সে মিলের মালিকের কাছ থেকে ৩ লক্ষ ৮১ হাজার ৬২৪ টাকা নেয়। ওইদিনই টাকা নিয়ে সে নিজের গ্রাম ধাদকির উদ্দেশে গাড়ি নিয়ে রওনা দেয়। ২৭ তারিখ ধান বিক্রির টাকা দিতে না আসায় তিনি ভাদরির বাড়ি যান। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, ভোর ৪টে নাগাদ সে টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। তার খোঁজ না পেয়ে বুধবার গণেশবাবু পুঞ্চা থানায় অভিযোগ জানান। পুলিস নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিস।



