২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি। প্রাতঃভ্রমণ সেরে স্ত্রীর সঙ্গে বাড়ি ফিরছিলেন ৮২ বছরের তথা লেখক সমাজকর্মী গোবিন্দ পানসারে। হঠাৎই বাইকে করে আসা দুই দুষ্কৃতী তাঁর উপর গুলি চালায়। চারদিন ধরে যমে-মানুষের টানাটানির পর মৃত্যু হয় অশীতিপর ওই যুক্তিবাদী ব্যক্তিত্বের। বছর দশেক আগে মহারাষ্ট্রের কোলাপুরের সেই ঘটনা গোটা দেশে আলোড়ন ফেলে দিয়েছিল। বুধবার সেই খুনের মামলায় অভিযুক্ত ছ’জনের জামিন মঞ্জুর করল বম্বে হাইকোর্টের বিচারপতি এ এস কিলোরের বেঞ্চ। তাদের নাম শচীন আন্দুরে, গণেশ মিসকিন, অমিত দেগভেকর, অমিত বাড্ডি, ভারত কুরানে এবং বাসুদেব সূর্যবংশী।



