Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পেনশন না মেলায় সঙ্কটে ২ হাজার অবসরপ্রাপ্ত

পেনশন না মেলায় সঙ্কটে ২ হাজার অবসরপ্রাপ্ত
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কল্যাণী: মাসের অর্ধেক পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও পেনশন হয়নি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের (বিসিকেভি) প্রায় দু’হাজার অবসরপ্রাপ্ত অধ্যাপক, কর্মচারী ও আধিকারিকের। এ নিয়ে চাপা ক্ষোভ তৈরি হয়েছে তাঁদের মধ্যে। বিশ্ববিদ্যালয়টি রাজ্য কৃষিদপ্তরের অধীনে। রাজ্য সরকারের বেতনের নিয়মেই, সাধারণত মাসের প্রথম দিকেই পেনশন হয়ে যায় তাঁদের। গতমাসে সেটা কিছুটা পিছিয়ে ৭ তারিখ হয়‌। কিন্তু এমাসের সরকারি নির্দেশ (জিও) বিশ্ববিদ্যালয়ে এখনও পৌঁছয়নি। ফলে, এই পেনশন কবে হবে, তা নিয়ে এখনও সংশয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা। এই ব্যাপারে উপাচার্যের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছে সংশ্লিষ্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন। দ্রুত সুরাহার আশ্বাস মিলেছে প্রতিবারই। তাঁদের অভিযোগ, তারপর দু’সপ্তাহ পেরলেও তাঁরা অন্ধকারে এবং তীব্র অর্থসঙ্কটে পড়েছেন। এই বিষয়ে পেনশনার্স অ্যাসোসিয়েশন বিসিকেভি শাখার সম্পাদক শ্যামল ভৌমিক বলেন, ‘আমরা ভীষণ সমস্যার মধ্যে রয়েছি। কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে আশ্বাসের বেশি কিছুই এখনও মেলেনি। সকলের দ্রুত পেনশন দাবি করছি আমরা।’ 
Advertisement
অন্যদিকে, উপাচার্য অশোককুমার পাত্র বলেন, ‘আমিও ওঁদের সমব্যথী। পেনশন যাতে দ্রুত আসে তার জন্য রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি। আশা করছি, দু’-একদিনের মধ্যেই ওঁরা পেনশন পেয়ে যাবেন।’  
সম্পর্কিত সংবাদ