Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পানিশালায় টোল নিয়ে বচসা, ভাঙচুর বাসে

পানিশালায় টোল নিয়ে বচসা, ভাঙচুর বাসে
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রায়গঞ্জ: টোল ট্যাক্স নিয়ে বাসচালক ও টোলকর্মীদের বচসায়  উত্তেজনা ছড়ালো রায়গঞ্জের পানিশালা এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, রবিবার মধ্যরাতে নবদ্বীপ থেকে শিলিগুড়ি যাওয়ার সময় রায়গঞ্জের পানিশালার টোলে  ৩ নং লেনে একটি বাসচালকের কাছে টোল চাওয়া হয়। আগে টোল ২৭০ টাকা থাকলেও এখন তা বেড়ে হয়েছে ৩৭০ টাকা।
Advertisement
কিন্তু বাড়তি টোল দিতে অস্বীকার করেন বাসচালক। তা নিয়ে ঝামেলা শুরু হয় বাসের কন্ডাক্টর ও টোল কর্মীদের মধ্যে। দু’পক্ষই হাতাহাতিতে জড়িয়ে পড়ে। বাস কন্ডাক্টর সুরজ দেবনাথ বলেন, বাড়তি একশো টাকা টোল চাইলে আমরা জানাই, মালিক বাড়তি টাকা দেননি। পরেরবার বাড়তি টাকা দিয়ে দেওয়া হবে বলে জানাই। টোল কর্মীরা ২৭০ টাকা নিতে চাইলেও রিসিভ কপি দিতে অস্বীকার করেন। বাসের কয়েকজন যাত্রীর সঙ্গে টোল কর্মীদের তর্কাতর্কি হয়। এর জেরে টোলকর্মীরা আমাদের বাসের কাচ ভাঙচুর করে।  ফোন না তোলায় টোলের ম্যানেজার হাসান মল্লিকের বক্তব্য পাওয়া যায়নি। 
রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, এই ঘটনায় বাসের যাত্রী মিঠু রায় ও টোল কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে।
রায়গঞ্জের পুলিস সুপার সানা আক্তার বলেন, টোলে আগামীতে যাতে এধরনের ঘটনা না ঘটে তারজন্য পুলিসের তরফ থেকে নোডাল অফিসার নিয়োগ করা হবে। পুলিসের ফোন নম্বর দেওয়া থাকবে। বাস কর্মী কিংবা টোল কর্মীরা সমস্যায় পড়লে যোগাযোগ করবে সেই নম্বরে। 
মধ্যরাতের এই ঘটনা নিয়ে উত্তর দিনাজপুর বাস ও মিনিবাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিক বলেন, আগেও একাধিকবার ওই টোলে ট্যাক্স নিয়ে বাস চালকরা বচসায় জড়িয়েছেন। পুলিসও সেভাবে পদক্ষেপ নেয় না ওদের বিরুদ্ধে। আমরা এবিষয়ে ফের পুলিসের দারস্থ হব।
সম্পর্কিত সংবাদ