পুনে: থানা থেকে মাত্র শ’খানেক মিটার দূরে বাস ডিপোয় মহিলাকে ধর্ষণ। ঘটনার পর কেটে গিয়েছে দু’দিন। অথচ অভিযুক্তের এখনও নাগাল পায়নি পুলিস। ইতিমধ্যেই এই ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। মহারাষ্ট্রের দুই উপ মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে এবং অজিত পাওয়ার একজোটে দোষীর ফাঁসি চেয়েছেন। পুনে পুলিস ১৩টি দল গঠন করে অভিযুক্ত দত্তাত্রয় রামদাস গাদের খোঁজ চালাচ্ছে। ঘোষণা হয়েছে, যে বা যারা গাদের খোঁজ দিতে পারবে, তাকে ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। তাঁর নামও গোপন রাখা হবে বলে জানিয়েছেন পুনের পুলিস কমিশনার অমিতেশ কুমার। এরই মধ্যে এই ঘটনাকে ২০১২ সালের নির্ভয়া কাণ্ডের সঙ্গে তুলনা করেছেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। তিনি বলেন, ‘নির্ভয়া কাণ্ডের পর বিচার ব্যবস্থায় আমরা অনেক ধরনের বদল ঘটিয়েছি। তবে লাভের লাভ কিছুই হয়নি। শুধুমাত্র কঠোর আইন করে এই ধরনের ঘটনা আটকানো যায় না। মহিলাদের নিরপত্তা নিশ্চিত করা সমাজের কাছেও অনেক বড় দায়িত্ব। মহিলাদের নিরাপত্তার খাতিরে নির্দিষ্ট আইন চালু করা দরকার।’



