Bartaman Logo
১০ জুন, ২০২৬

পানামা হয়ে পৌঁছতে হয় আমেরিকা,  ডাঙ্কি রুটের ৪৫ কিমি পথে পদে পদে বিপদ, বর্ণনা ঘরে ফেরাদের

পানামা হয়ে পৌঁছতে হয় আমেরিকা,  ডাঙ্কি রুটের ৪৫ কিমি পথে পদে পদে বিপদ, বর্ণনা ঘরে ফেরাদের
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: ডাঙ্কি রুট। কুখ্যাত এই ‘রুট’ শেষ করতে পারলেই মিলবে আমেরিকার ‘স্বর্গোদ্বার’। এ পথে মৃত্যু পদে পদে। কারও মৃত্যু হলে কখনও মিলবে না কোনও খবর। বুধবার দেশে ফেরা ‘অবৈধ’ ১০৪ জন নাগরিকের অনেকের বক্তব্যে উঠে এসেছে সেই ডাঙ্কি রুটের ভয়াবহ চিত্র। ৪৫ কিলোমিটারের হাঁটাপথে বহু মৃতদেহ দেখেছেন বলে জানিয়েছেন হরবিন্দর সিং। পাঞ্জাবের হোশিয়ারপুর জেলার তাহলি গ্রামের বাসিন্দা হরবিন্দর জানিয়েছেন, ৪২ লক্ষ টাকা দিলে বৈধ পথে আমেরিকা যাওয়ার প্রবেশাধিকার মিলবে বলে জানিয়েছিলেন এক এজেন্ট। সেই মতো টাকাও দিয়ে দেন। শেষ মুহূর্তে তাঁকে জানানো হয়, আমেরিকার ভিসা আসেনি। তাঁকে পৌঁছতে হবে ঘুরপথে। দিল্লি থেকে কাতার হয়ে ব্রাজিল। এরপর আমেরিকা। মার্কিন মুলুকে যাওয়ার স্বপ্নে বিভোর হরবিন্দর যে কোনওভাবে আমেরিকা পৌঁছতে চেয়েছিলেন। 
Advertisement
হরবিন্দর বলেন, ‘ব্রাজিলে আমাকে বলা হল, পেরু থেকে আমেরিকা যাওয়ার বিমান পাওয়া যাবে। তবে সেখানে কোনও বিমান ছিল না।’ অগত্যা ট্যাক্সি করে কলম্বিয়া। এরপর পানামা। সেখানে হরবিন্দরদের বলা হয়, জাহাজে করে পৌঁছে দেওয়া হবে। তবে সেখানে কোনও জাহাজ ছিল না। এইবার টনক নড়ে। বুঝে যান, এবার তাঁকে কুখ্যাত ডাঙ্কি রুট ধরতে হবে। দু’দিন ধরে চলেছিল সেই রুটে তাঁর যাত্রা। কেমন সে পথ? হরবিন্দর জানালেন, পাহাড়ি পথ শেষ হলে একটি ছোট নৌকায় তাঁদের গাদাগাদি করে তোলা হয়। সেই নৌকা চলে মেক্সিকো সীমান্তের দিকে। পথে একবার নৌকাডুবির সম্মুখীন হতে হয়। তাতে মৃত্যু হয় এক সহযাত্রীর। আরও একজনের মৃত্যু হয় পানামা জঙ্গলে। বাকিরা সামান্য ভাত খেয়ে বেঁচে ছিল।
৭২ লক্ষ টাকা খরচ করেও স্বপ্নভঙ্গের বেদনায় কাতর ২০ বছরের আকাশ। তাঁর পরিবারের পক্ষ থেকে ডাঙ্কি রুটে পানামা এবং মেক্সিকোয় যাত্রাপথের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। হরিয়ানার কার্নালের বাসিন্দার ভিডিওতে দেখা যাচ্ছে, পানামার ঘন জঙ্গলের মধ্যে অন্যদের সঙ্গে ক্যাম্পে রয়েছেন আকাশ। আর জল ভেঙে এগিয়ে চলেছেন বহু মহিলা এবং শিশু। জানা যাচ্ছে, দক্ষিণ দিক দিয়ে মার্কিন মুলুকে পৌঁছনোর দু’টি বেআইনি পথ রয়েছে। একটি মেক্সিকো সীমান্ত পার করে সরাসরি পৌঁছে যাওয়া। তবে সেই পথে নজরদারি বেশি হওয়ায় অনেকেই ডাঙ্কি রুট দিয়ে আমেরিকায় পৌঁছনোর চেষ্টা করেন। আকাশের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মেক্সিকো দিয়ে তাঁকে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এজেন্ট। তাই টাকাও বেশি দেওয়া হয়। এরপরেও ডাঙ্কি রুটে আকাশকে যেতে বাধ্য করা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ