সংবাদদাতা, নকশালবাড়ি: ধৃত ফরেস্ট ভলেন্টিয়ার ফ্রান্সিস এক্কার কাছে কোনও তেজস্ক্রিয় পদার্থ ও ডিআরডিও নথি ছিল না। সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন দার্জিলিংয়ের পুলিস সুপার প্রবীণ প্রকাশ। শনিবার মিরিক থানার অন্তর্গত পানিঘাটা ফাঁড়িতে এনিয়ে সাংবাদিক বৈঠক হয়। প্রসঙ্গত, মঙ্গলবার রাতে পানিঘাটা সংলগ্ন বেলগাছি চা বাগানের গিরমিট লাইন এলাকার শ্রমিক আবাসে সেনা, এনডিআরএফকে সঙ্গে নিয়ে পুলিস অভিযান চালায়। তাতে সন্দেহজনক তেজস্ক্রিয় পদার্থ সহ ডিআরডিও নথি উদ্ধার হয়। এই ঘটনায় ফ্রান্সিস এক্কা নামে এক ফরেস্ট ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে পুলিস। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত কোনও কিছু বলা যাচ্ছিল না। ইতিমধ্যে ধৃতকে পাঁচ দিনের পুলিস হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে জালিয়াতির বিষয়টি জানা যায় বলে জানিয়েছেন পুলিস সুপার প্রবীণ প্রকাশ।
Advertisement
তিনি বলেন, ধৃত এর আগেও ২০১৮ সালে নকল অ্যান্টি রেডিয়েশন জ্যাকেট সহ গ্রেপ্তার হয়েছিল। সেই সূত্র ধরে সে নকল জিনিসের কারবারে জড়িত হয়ে পড়ে। ধৃতের বাড়ি থেকে কাচ ও কাঠের তৈরি একটি বাক্স উদ্ধার হয়েছে। যেখানে ডিআরডিও লেখা ছিল। আমরা এনডিআরএফের অত্যাধুনিক যন্ত্রাংশের সাহায্যে তা প্রাথমিক পর্বে যাচাই করে নকল বিষয়ের হদিস পেয়েছি। ওই বাক্সে তেজস্ক্রিয় জাত কিছুই ছিল না। এছাড়া দুই সেট নথি উদ্ধার হয়েছে। সেখানেও তেজস্ক্রিয় পদার্থ সংক্রান্ত কোনও তথ্য ছিল না। সেখানে ইরিডিয়াম নিয়ে তথ্য ছিল। যা যাচাই করতে ডিপার্টমেন্ট অফ অ্যাটোমিক এনার্জির কাছে পাঠানো হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদে বেশ কয়েকজনের নাম পেয়েছি। এরা কিছু টাকার বিনিময়ে তা বিক্রির ছক করেছিল। তবে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কোনও বিষয় নেই। পুলিস জালিয়াতির মামলায় তদন্ত শুরু করেছে।



