Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পানাগড় কাণ্ডে ‘ভোলবদল’ মৃত তরুণীর গাড়িচালকের

পানাগড় কাণ্ডে ‘ভোলবদল’ মৃত তরুণীর গাড়িচালকের
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া ও আসানসোল: আগেই ইভটিজিংয়ের দাবি থেকে সরে এসেছিলেন পানাগড় কাণ্ডে মৃত সুতন্দ্রা  চট্টোপাধ্যায়ের মা। এবার মৃতার গাড়ির চালকও সরে এলেন ইভটিজিংয়ের অভিযোগ থেকে। এদিন মৃত সুতন্দ্রার গাড়ির চালক বলেন, ম্যাডাম বেঁচে নেই সেটা আমার জন্য খুবই আক্ষেপের। ঘটনার দিন রাতে একটি সাদা চারচাকা গাড়ি আমাদের গাড়িটিকে ধাক্কা দিয়েছিল। ম্যাডামের কথাতেই আমি সেই গাড়িটিকে তাড়া করি। প্রায় একশো কিমি প্রতি ঘণ্টায় গাড়ি ছুটিয়েছিলাম। তাতেই নিয়ন্ত্রণ রাখতে পারিনি। আজ, ওইদিনের কথা ভাবলে আক্ষেপ হয়। সেদিন ম্যাডামের কথা না শুনলেই ভালো করতাম। এদিন রাজদেও আরও বলেন, ইভটিজিংয়ের কোনও ঘটনা সেদিন আমার চোখে পড়েনি। 
Advertisement
অন্যদিকে, ‘ভয় পেয়ে পালিয়ে গিয়েছিলাম। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা।’ শুক্রবার পানাগড় দুর্ঘটনা কাণ্ডে গ্রেপ্তার বাবলু যাদব আদালতে আসার পথে এই মন্তব্যই করেন। রবিবার রাতে পানাগড়ে দুর্ঘটনায় সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়। বাবলুর গাড়ির সঙ্গেই সুতন্দ্রার গাড়ির সংঘর্ষ হয় বলে অভিযোগ। তারপর থেকেই বাবলুর খোঁজ পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার অণ্ডাল থেকে পুলিস তাঁকে গ্রেপ্তার করে। এদিন অভিযুক্তকে দুর্গাপুর আদালতে তোলা হয়। পুলিস তাঁকে সাতদিনের জন্য হেফাজতে চেয়ে আর্জি জানায়। সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি চালকের বয়ানকে হাতিয়ার করে বাবলু যাদবের জামিনের পক্ষে সওয়াল করেন তার আইনজীবী। বিচারক বাবলুর দু’দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। এসিপি সুমন জয়সওয়াল বলেন, অভিযুক্তকে হেফাজতে নিয়ে জেরা করা হবে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ