Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পানাগড় বাজারে গোডাউনে আগুন ঘিরে চাঞ্চল্য

পানাগড় বাজারে গোডাউনে আগুন ঘিরে চাঞ্চল্য
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মানকর: পানাগড় বাজারের কাবাডিপট্টি এলাকায় একটি কাঠের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বুধবার রাতে দমকলের দু’টি ইঞ্জিন দিয়ে আগুন নেভায়। অগ্নিকাণ্ডের জেরে পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘটনায় কেউ হতাহত হয়নি। কাঠ ব্যবসায়ীর দাবি, কয়েক লক্ষ টাকার কাঠ পুড়ে গিয়েছে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল।
Advertisement
দমকলের আধিকারিক প্রকাশ পাল বলেন, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে আমাদের প্রাথমিক অনুমান। দু’টি ইঞ্জিন দিয়ে ঘণ্টা দু’য়েকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ ওই গোডাউনে আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন বিধ্বংসী রূপ নেয়। স্থানীয় বাসিন্দারা তাড়াতাড়ি দমকলে খবর দেন। দমকল কর্মীরা দু’টি ইঞ্জিন এনে প্রায় ঘণ্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার দার্জিলিং মোড় থেকে পানাগড় বাজারের পুরনো জাতীয় সড়কের দু’পাশে বহু গাড়ি সারানোর দোকান রয়েছে। গাড়ি মেরামত, স্ক্র্যাপ বিক্রির জন্য কাবাডিপট্টির নাম রয়েছে। যে দোকানে আগুন লাগে, সেখানে লরির কাঠের সরঞ্জাম, স্পঞ্জ প্রভৃতি ছিল। লরি কাটাই করে যে কাঠ পাওয়া যায়, তা দিয়ে চৌকি, দরজা-জানালার ফ্রেম প্রভৃতি তৈরি করা হয়। প্রচুর কাঠের সামগ্রী মজুত থাকায় আগুন লাগতেই খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে।
এলাকার বাসিন্দা মির্জা আসামুদ্দিন বেগ বলেন, দূর থেকে আগুনের ধোঁয়া দেখতে পাওয়া যাচ্ছিল। স্পঞ্জের জন্য আগুন তাড়াতাড়ি ছড়িয়ে গিয়েছে। আশপাশে আরও গোডাউন থাকায় ব্যবসায়ীদের চিন্তা বেড়ে গিয়েছিল। তবে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসায় আগুন অন্য গোডাউনে ছড়াতে পারেনি।
Advertisement
সম্পর্কিত সংবাদ