সংবাদদাতা, দুর্গাপুর: বাইকের ডিকি থেকে প্রায় ৯০ হাজার টাকা লুটের ঘটনায় পাণ্ডবেশ্বর থানার পুলিস শনিবার একজনকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম বিকাশকুমার যাদব। তার বাড়ি বিহারের কাটিহার এলাকায়। রবিবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, গত ২৮ জানুয়ারি গোলাম নবি পাণ্ডবেশ্বর বাইক নিয়ে বাজারে এসেছিলেন। তাঁর বাইকের ডিকিতে ৯০ হাজার টাকা ছিল। তিনি বাইক রেখে বাজারে নিজের কাজ সারতে যান। এসে দেখেন, কেউ বাইকের ডিকি ভেঙে টাকা হাতিয়ে নিয়েছে। তিনি পুলিসে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিস ঘটনার তদন্ত শুরু করে। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিস অভিযুক্তকে শনাক্ত করে। পরে তাকে আসানসোল থেকে গ্রেপ্তার করা হয়। এসিপি(অণ্ডাল) পিন্টু সাহা বলেন, ঘটনায় আরও কয়েকজন যুক্ত রয়েছে। ধৃতকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।



