সংবাদদাতা, দুর্গাপুর: পাণ্ডবেশ্বর থানার নবগ্রামের ইসিএলের হাসডিয়া খোলামুখ কয়লাখনির প্রকল্পের কাজ শুরু হতেই শনিবার বিপত্তি ঘটে। কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, ওই প্রকল্পের কয়লা উত্তোলনের বরাত পেয়েছে এলাকার একটি বেসরকারি সংস্থা। গ্রামবাসীদের অভিযোগ, বরাত পাওয়া সংস্থা গ্রামবাসীদের সঙ্গে আলোচনা না করেই মাটি কাটার কাজ শুরু করেছে। আগে আলোচনার মাধ্যমে গ্রামবাসীদের সুবিধা-অসুবিধার সমাধান করতে হবে বলে দাবি তোলা হয়। পুলিস, ইসিএলের অফিসার, সিআইএসএফ জওয়ান ও সংস্থা কর্তৃপক্ষ ঘটনাস্থলে আসে।
Advertisement
বিক্ষোভকারী শেখ কারিবুল ও শেখ জিয়াউদ্দিন বলেন, ১০-১৫ দিন আগে থেকেই কোলিয়ারির জন্য মেশিন দিয়ে মাটি কাটা শুরু হয়েছে। সেইসময় বাধা দেওয়া হয়। এরপরও রাতের অন্ধকারে কাজ করা হচ্ছে। সংস্থার মালিক ফোনে হুমকি দিচ্ছে। আমাদের সঙ্গে আলোচনা না করে কাজ চলছে। গ্রামবাসীদের সমস্যা জানতে হবে। এই কোলিয়ারিতে বোমা বিস্ফোরণ করে কয়লা উত্তোলন করা হয়। এতে বাড়ির দেওয়াল ফেটে যাচ্ছে। সংস্থার তরফে হিরু বেজ বলেন, আমরা গ্রামবাসীদের সঙ্গেই আছি। ভুল বোঝাবুঝি হয়েছে। তাঁদের সঙ্গে আলোচনা করেই কাজ হবে।



