Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পণ না পেয়ে বধূর উপর অত্যাচার, ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের

পণ না পেয়ে বধূর উপর অত্যাচার, ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ময়নাগুড়ি: চাহিদা মতো পণ না পেয়ে এক বধূকে ঘরে আটকে রেখে খাবার না দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। শুধু তাই নয়, বধূকে মারধরও করার অভিযোগ উঠেছে। অত্যাচার সহ্য করতে না পেরে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে মামার বাড়ি আশ্রয় নেন ওই বধূ। ঘটনাটি ময়নাগুড়ি শহরের পেটকাটিতে। ঘটনার কথা জানাজানি হতেই শহরে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার বধূ তাঁর বাবার সঙ্গে ময়নাগুড়ি থানায় এসে শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিস অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে। ঘটনার তীব্র নিন্দা করেছেন স্থানীয় ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রিম্পা রায়। 
Advertisement
দেড় বছর আগে ময়নাগুড়ির আনন্দনগরের ওই যুবতী বিয়ে করেন পেটকাটির এক যুবককে। বিয়ের পর কিছুদিন পরেই বধূর উপর মানসিক ও শারীরিক অত্যাচার শুরু হয় বলে অভিযোগ। লাঠি দিয়ে, কোমরের বেল্ট দিয়ে মারধর করা হয়েছে বলে দাবি, বধূর। প্রতিবাদ করলেই খাবার বন্ধ করে দেওয়া হতো। নিগৃহীতা বধূ শুক্রবার বলেন, ভালোবেসে বিয়ে করেছিলাম, তাই শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচার সহ্য করেছি। কিন্তু ৫ ডিসেম্বর অত্যাচার চরমে ওঠে। বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য আমাকে প্রবল চাপ দেওয়া হয়। আমি প্রতিবাদ করলে শুরু হয় মারধর। অভিযুক্তরা গলা টিপে শ্বাসরোধ করে প্রাণে মারার চেষ্টা করে। অনেক কষ্টে অভিযুক্তদের হাত থেকে প্রাণ বাঁচিয়ে বাড়ি থেকে পালিয়ে মামার বাড়ি এসে উঠি। আমি ওদের কঠিন শাস্তির দাবি পুলিসকে জানিয়েছি। 
এদিকে, এই বিষয়ে জানতে বধূর স্বামীর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও স্যুইচ অফ থাকায় বক্তব্য পাওয়া যায়নি। মেসেজ পাঠানো হলেও উত্তর আসেনি। ময়নাগুড়ি থানায় আইসি সুবল ঘোষ জানিয়েছেন, অভিযোগ জমা পড়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ