Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পানীয় জলের দাবিতে পথ অবরোধ করলেন মহিলারা

পানীয় জলের দাবিতে পথ অবরোধ করলেন মহিলারা
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, মানবাজার: ট্যাপ থেকে কম জল পড়ায় পর্যাপ্ত পানীয় জল পাচ্ছেন না গ্রামের বাসিন্দারা। প্রতিবাদে বৃহস্পতিবার পুরুলিয়ার মানবাজারের মাঝপাড়ায় পথ অবরোধ করেন মহিলারা। এদিন মানবাজার থেকে দোলাডাঙা যাওয়ার রাস্তায় চেয়ার, বেঞ্চ ও জলের বালতি রেখে অবরোধ করেন তাঁরা। এলাকার মহিলাদের দাবি, পাড়ার ট্যাপ কল থেকে কম জল পড়ছে। এদিন অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে মানবাজার থানার পুলিস। পরে অবরোধ তুলে নেয় মহিলারা। এ বিষয়ে মানবাজার-১ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ পাত্র বলেন, অবরোধের বিষয়টি জানা নেই। তবে সেখানকার বাসিন্দারা পানীয় জল নিয়ে কোনও অভিযোগ জানায়নি। জানালে ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মানবাজারের মাঝপাড়ায় নলবাহিত পানীয় জলের ট্যাপ আছে। সেখান থেকেই পানীয় জল নেয় বাসিন্দারা। কিন্তু বেশ কিছুদিন ধরে অনিয়মিত পানীয় জল সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ। সেই সঙ্গে ট্যাপ কল থেকে কম জল পড়েছে। এর জেরে সমস্যার সৃষ্টি হচ্ছে। এদিন অবরোধকারী এক মহিলা বলেন, এমনিতেই প্রতিদিন ট্যাপ থেকে জল পড়ে না। তারপর আবার কম জল পড়ে। এর ফলে কল থেকে জল নিতে অনেক সময় সমস্যা হয়। আমরা চাই নিয়মিত পানীয় জল সরবরাহ করা হোক। আগে ট্যাপগুলি থেকে ভালোভাবে জল পড়ত। আমরা চাই আগের মতো জল পরিষেবা স্বাভাবিক হোক। মানবাজার মাঝপাড়ায় ৪০টি পরিবারের বসবাস। সকলে লাইন দিয়ে ট্যাপ থেকে জল পায় না বলে দাবি মহিলাদের। কারণ ট্যাপ কল থেকে কম জল পড়ে। এর ফলে একজনের জল নিতেই অনেক সময় চলে যায়। কখনও কখনও দেখা যায় লাইন দিয়ে ১০-১৫টি পরিবার জল পেল তারপরেই জল বন্ধ হয়ে যায়। তখন বাকিরা পানীয় জল পায় না। বাধ্য হয়ে এদিন পথে নামেন মহিলারা। তবে অবরোধের ফলে তেমন কোনও দুর্ভোগ হয়নি পথচারীদের। পুলিস আসার পরেই অবরোধ তুলে নেন তাঁরা। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ