Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পানীয় জল, নিকাশি ও শৌচালয় তৈরিতে বরাদ্দ ৫০ লক্ষ

পানীয় জল, নিকাশি ও শৌচালয় তৈরিতে বরাদ্দ ৫০ লক্ষ
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পানীয় জল থেকে নিকাশি কিংবা কমিউনিটি টয়লেট তৈরিতে জলপাইগুড়ি সদর ব্লকে বরাদ্দ হল ৫০ লক্ষ টাকা। ব্লক প্রশাসন সূত্রে খবর, ওই টাকায় আটটি এলাকায় সৌরবিদ্যুৎ চালিত পানীয় জলের প্রকল্প তৈরি হবে। রয়েছে বেশ কয়েকটি নিকাশি নালা ও হাটে কমিউনিটি টয়লেট তৈরির কাজও। প্রতিটি কাজেরই টেন্ডার ডাকা হয়েছে বলে জানিয়েছেন জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় রায়। তিনি বলেন, পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় কাজগুলি হবে।
Advertisement
ব্লক প্রশাসন সূত্রের খবর, বাহাদুর পঞ্চায়েতের চৈতুপাড়া অঙ্গনওয়াড়িতে পানীয় জলের বড় সমস্যা ছিল। সেখানে সৌরবিদ্যুৎ চালিত একটি জলপ্রকল্প করে দেওয়া হচ্ছে। পাহাড়পুর পঞ্চায়েতের খাগিরাপাড়া, গড়ালবাড়ি পঞ্চায়েতের কলোনিপাড়া, নগর বেড়ুবাড়ি পঞ্চায়েতের পরেশনগর এবং দক্ষিণ বেড়ুবাড়ি পঞ্চায়েতের গৌরচণ্ডী এলাকায় একটি করে সৌরবিদ্যুৎ চালিত জল প্রকল্প তৈরি হচ্ছে। এছাড়াও প্রকল্প হচ্ছে খারিজা বেড়ুবাড়ি-১ পঞ্চায়েতের বানিয়াপাড়া ও পাথরঘাটা এবং খারিজা বেড়ুবাড়ি-২ পঞ্চায়েতের হরিমন্দির স্কুল এলাকায়। প্রতিটি প্রকল্পের জন্য খরচ ধরা হয়েছে তিন লক্ষ ৪ হাজার ৪৫৭ টাকা। পাশাপাশি ডেঙ্গুয়াঝার হাটে শৌচালয় নিয়ে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন ক্রেতা-বিক্রেতারা। তাঁদের সেই দাবি মেনে ব্লক প্রশাসনের তরফে ৫ লক্ষ ৪৩ হাজার ১৬৫ টাকা খরচে তৈরি করে দেওয়া হচ্ছে কমিউনিটি টয়লেট। পাহাড়পুর পঞ্চায়েতের ইন্দিরা কলোনি এলাকায় নিকাশি নালা তৈরির জন্য খরচ ধরা হয়েছে ৫ লক্ষ ৮২ হাজার ৪৭৯ টাকা। আরও দু’টি নিকাশি নালা তৈরি হচ্ছে অরবিন্দ পঞ্চায়েতের তারাপাড়া এবং পাতকাটা পঞ্চায়েতের ডাঙাপাড়া এলাকায়। প্রথমটির জন্য খরচ ধরা হয়েছে ৩ লক্ষ ৩৯ হাজার ৭০০ টাকা এবং দ্বিতীয়টির জন্য বরাদ্দ হয়েছে ৩ লক্ষ ৩৯ হাজার ১৩৮ টাকা। পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন, আমরা পঞ্চায়েত সমিতিতে একটি কমিউনিটি হল তৈরি করছি। প্রয়োজনে এটি ভাড়া দিয়ে রোজগারের চেষ্টা করা হবে।
সম্পর্কিত সংবাদ