Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পানীয়ে বিষ মিশিয়ে খুন, ধৃত ১

পানীয়ে বিষ মিশিয়ে খুন, ধৃত ১
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: পুরনো শত্রুতার জেরে যুবককে ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে খুন করার অভিযোগ উঠল হিলির তিওর এলাকায়। পুলিস সূত্রে খবর, মৃত সুকুল বর্মনের (২৩) বাড়ি তিওরের মালিপাড়ায়। দুর্ঘটনায় তাঁর একটি পা ভেঙে যাওয়ার পর সংক্রমণ হয়। তিনি সাধারণভাবে চলাফেরা করতে পারতেন না। বাবা-মা ভিনরাজ্যে কাজে গিয়েছে বলে দিদার বাড়িতে ছিলেন। অভিযুক্ত বাড়িতে ঢুকে তাঁকে ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ খাইয়ে দেয় বলে অভিযোগ। গত শুক্রবার যুবককে বালুরঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার ভোরে তাঁর মৃত্যু হয়েছে। ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বলেন,অভিযুক্তকে গ্রেপ্তার  করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। 
Advertisement
পুলিস সূত্রে খবর, ধৃত দুলাল প্রামাণিকের বাড়ি তিওরের জোতঘটকে। মৃতের পরিবারের অভিযোগ,যুবককে জোর করে কীটনাশক খাওয়ানো হয়েছে। কারণ অভিযুক্তদের সঙ্গে পরিবারের সঙ্গে দীর্ঘদিন আগে জমি নিয়ে বিবাদ ছিল। পুরনো শত্রুতার জেরেই খুন করা হয়েছে সুকুলকে। ঠান্ডা পানীয় খাওয়ানোর পর রাতে সুকুল গুরুতর অসুস্থ হলে বালুরঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 
মৃত যুবকের মামি স্বপ্না রায় বর্মন বলেন, ভাগ্নে একা থাকার সময় জোর করে কীটনাশক মেশানো ঠান্ডা পানীয় খাইয়ে চলে যায় অভিযুক্ত। জমি নিয়ে পুরনো বিবাদের জন্যই হয়তো ভাগ্নেকে মেরে ফেলা হয়েছে। আসল কারণ জানতে থানায় অভিযোগ দায়ের করেছি। প্রতিবেশী বিপুল মহন্তের কথায়, জোর করে কীটনাশক খাওয়ানোর বিষয়ে আমরা নিশ্চিত। তাছাড়া পা ভাঙা যুবক কীটনাশক আনবেই বা কোথা থেকে। দুলাল কেন এটা করল বুঝতে পারছি না।
সম্পর্কিত সংবাদ