Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পাম্পের সমস্যায় পানীয় জলের ট্যাঙ্ক ভরে না, সমস্যায় দাসপুর ১ ব্লকের বেশ কয়েকটি গ্রাম

পাম্পের সমস্যায় পানীয় জলের ট্যাঙ্ক ভরে না, সমস্যায় দাসপুর ১ ব্লকের বেশ কয়েকটি গ্রাম
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: এলাকার মধ্যেই পানীয় জলের বড় ট্যাঙ্ক রয়েছে। তবুও পানীয় জলের সঙ্কটে ভুগছেন দাসপুর-১ ব্লকের কয়েকটি গ্রাম। প্রত্যেকদিন পর্যাপ্ত পানীয় জল না পেয়ে তাঁদের ভরসা এখন হাত পাম্পের উপর। বিষয়টি বারবার জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এবং স্থানীয় গ্রামপঞ্চায়েতকে জানানো হয়েছে। তবুও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ। নিমতলা, রসিকগঞ্জ, গাদিঘাট সহ কয়েকটি গ্রামে পানীয় জলের সমস্যার কথা স্বীকার করেছেন দাসপুর-১ গ্রামপঞ্চায়েত প্রধান লাল্টু চক্রবর্তী। তিনি বলেন, জলের সমস্যার জন্য এলাকার মানুষ আমাকে বারবার ফোন করছেন। আমারও অস্বস্তি লাগছে। আমি বিষয়টি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে জানিয়েছি। ঘাটাল মহকুমার জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সৌভিক রাজ জানান, বিষয়টি তিনি শুনেছেন। দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করবেন।
Advertisement
ওই গ্রামপঞ্চায়েত এলাকার আটটি গ্রামে পাইপের মাধ্যমে পানীয় জল সরবরাহ করার জন্য কয়েক বছর আগে রসিকগঞ্জে একটি  ট্যাঙ্ক তৈরি হয়। দুটি পাম্প দিয়ে প্রায় আট লক্ষ লিটার জল ধারণ ক্ষমতার ট্যাঙ্কটিকে নিয়মিত দু’বার করে ভর্তি করা হয়। ওই সমস্ত গ্রামগুলির বাসিন্দারা জানালেন, এতদিন গ্রীষ্মের সময় কয়েক দিনের জন্য পানীয় জলের একটু সমস্যা হলেও সারা বছর ঠিকঠাকই পানীয় জল সরবরাহ করা হত। কিন্তু বর্তমানে সপ্তাহ দুই হল বিশেষ করে নিমতলা, রসিকগঞ্জ এবং গাদিঘাটের একাংশের বাসিন্দারা পর্যাপ্ত পানীয় জল পাচ্ছেন না। নিমতলার বাসিন্দা ঝুমা চন্দ্র, পূবালি দাস প্রমুখ বলেন, বেশ কয়েক দিন ধরেই ট্যাপ থেকে খুব ধীর গতিতে জল পড়ছে। ফলে এক একটি বালতি ভর্তি করতেই অনেক সময় লেগে যাচ্ছে। এক ঘণ্টার মধ্যে বাড়ির প্রয়োজন মতো জল সংগ্রহ করা সম্ভব হয় না। ফলে স্থানীয় বাসিন্দাদের পর্যাপ্ত পানীয় জলের জন্য হ্যান্ডপাম্পের উপর নির্ভর করতে হচ্ছে। হ্যান্ডপাম্পের জল সেই অর্থে পরিশুদ্ধ নয়। তবে বাধ্য হয়ে ঘোলাটে জলই ব্যবহার করতে হচ্ছে।
পূর্ত দপ্তরের এক ইঞ্জিনিয়ার জানান, জলাধারের পাম্পের মোটরগুলি সেভাবে জল তুলতে পারছে না। ফলে কোনওভাবেই জলাধার ভর্তি করা যাচ্ছে না। সেজন্য স্বাভাবিকভাবেই জলের চাপ কম হওয়ার কারণে তুলনামূলকভাবে উঁচু জায়গাগুলির ট্যাপ থেকে  গতিতে জল বেরোচ্ছে না। যত দিন না ওই সমস্ত সমস্যাগুলির সমাধান করা সম্ভব না হবে ততদিন কিছু কিছু জায়গায় জলের সমস্যা থাকবে বলে তিনি জানান।
সম্পর্কিত সংবাদ